চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি ফিলিং স্টেশন থেকে তেল পাচারের অভিযোগে তেলবাহী গাড়ি ও অন্যান্য যানবাহনসহ বিপুল পরিমাণ ড্রাম জব্দ করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামক ইটভাটায় তেল পাচারকালে এই ঘটনা ঘটে।
পুলিশের অভিযান
পুলিশ জানায়, তারা তেলবাহী একটি লরি (গাড়ি), চারটি ট্রলি, দুটি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করেছে। জব্দকৃত যানবাহনগুলো মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।
অভিযুক্তদের বক্তব্য
ভোলাহাট থানা কর্তৃক জব্দকৃত একটি চার্জার ভ্যান ছাড়াতে আসা দলদলি উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এক খুচরা তেল ব্যবসায়ী মোসা. খতিজা বলেন, 'গতকাল রাতে ভোলাহাট পাম্পের মালিক আব্দুল লতিবকে ২১ হাজার টাকা অগ্রিম দিয়েছি। তেল নিতে আসা ভ্যানটি থানা থেকে ছাড়াতে থানায় এসেছি।'
ভোলাহাট থানায় জব্দকৃত একটি ট্রলির চালক সোহেল মোবাইল ফোনে জানান, 'গতকাল রাত ১২টার দিকে ভোলাহাট পাম্পের লোকজন ফোন দিয়ে তেল নিতে ডেকেছিল এবং হিরো ভাটাতে আমি গিয়েছিলাম। কিন্তু তেল পাওয়ার আগেই ভোলাহাট থানা পুলিশ আমার ট্রলিটা নিয়ে চলে যায়।'
ভাটা কর্তৃপক্ষের দাবি
মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) এর মালিক পক্ষ জানান, 'আমরা কিছু জানি না। আমাদের ভাটার নাইট গার্ড ঘুমিয়ে ছিল। পুলিশ আসার পর তারা জানতে পারে।'
ফিলিং স্টেশন মালিকের অবস্থান
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে তালা লাগানো রয়েছে এবং কোনো কর্মচারীও নেই।
পুলিশের বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, 'আমরা তেলবাহী একটি লরি, পাচারের উদ্দেশ্যে আসা চারটি ট্রলি ও দুটি চার্জার ভ্যানসহ কিছু ড্রাম ও জার জব্দ করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



