গ্রুপ পর্বে টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইতিহাস গড়া কেপ ভার্দের। প্রথমবারের মতো রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়া প্রতিপক্ষকে সহজ মনে করছেন না কোচ লিওনেল স্কালোনি।
রোমেরো ফিরছেন, একাদশ এখনও গোপন
চোট কাটিয়ে দলে ফিরছেন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ডান হাঁটুর সমস্যার কারণে জর্ডানের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। স্কালোনি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, 'সে ভালো আছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে খেলবে। আজ পুরো অনুশীলন করেছে। আজ ও আগামীকাল পর্যবেক্ষণ করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে এখন পর্যন্ত তার উন্নতি ইতিবাচক।'
তবে শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি স্কালোনি। তিনি জানান, একাদশ প্রায় চূড়ান্ত করা হলেও সেটি এখনও খেলোয়াড়দের জানানো হয়নি। তাই সংবাদমাধ্যমেও তা প্রকাশ করতে চাননি তিনি।
মেসির সঙ্গী কে?
একাদশের কয়েকটি জায়গা নিয়ে এখনও ভাবতে হচ্ছে স্কালোনিকে। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গী হিসেবে আক্রমণভাগে শুরু করবেন লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—সেই সিদ্ধান্ত এখনও হয়নি। রক্ষণভাগের বাম দিকেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ফাকুন্দো মেদিনা আগের ম্যাচগুলোতে সুযোগ কাজে লাগিয়েছেন। অন্যদিকে পেশির চোট থেকে সেরে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো।
স্কালোনি বলেন, 'মেদিনা খেলেছে এবং প্রমাণ করেছে সে প্রস্তুত। অন্যদিকে নিকোও এখন সম্পূর্ণ সুস্থ। বিশ্বকাপের শুরুতে তাকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু এখন আমরা আত্মবিশ্বাসী।'
সম্ভাব্য একাদশ
মূলত এই দুটি পজিশন নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে আর্জেন্টিনা কোচকে। বাকি নয়টি জায়গা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। সম্ভাব্য একাদশ: গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ; রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা বা নিকোলাস তাগলিয়াফিকো; মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা; আক্রমণে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।



