বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে জয় পায়নি পর্তুগাল। সেই ম্যাচে ছন্দে ছিলেন না অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।
সুপার কম্পিউটারের পূর্বাভাস
ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা এবং স্পোর্টসকাস্টিংয়ের ফুটবল সুপার কম্পিউটারগুলো নিজেদের গাণিতিক বিশ্লেষণ ও পূর্বাভাস প্রকাশ করেছে। অপ্টা সুপার কম্পিউটারের হাজারো ম্যাচ সিমুলেশন শেষে দেখা গেছে, পর্তুগালের জয়ের সম্ভাবনা রেকর্ড ৮৩.১ শতাংশ।
উজবেকিস্তানের জয়ের সম্ভাবনা মাত্র ৬ শতাংশ, আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ। স্পোর্টসকাস্টিং এবং বিভিন্ন ফুটবল বেটিং অ্যানালিটিক্স মডেলের এক্সজি ডাটা অনুযায়ী, ম্যাচটি পর্তুগালের জন্য একপেশে হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সম্ভাব্য স্কোরলাইন
সুপার কম্পিউটারের সবচেয়ে সম্ভাব্য স্কোরলাইন প্রেডিকশন হলো পর্তুগাল ৩-০ উজবেকিস্তান। কোনো কোনো মডেল ৩-১ ব্যবধানেও ম্যাচ শেষ হতে পারে বলে আভাস দিয়েছে।
রোনালদোর চাপ
পর্তুগাল ফেভারিট হলেও ব্যক্তিগতভাবে চাপে আছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের শেষ ১০ ম্যাচে কোনো গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। তবে সুপার কম্পিউটার বলছে, উজবেকিস্তানের বিপক্ষেই রোনালদোর খরা কাটার সম্ভাবনা প্রবল।



