বিশ্বকাপের রহস্যময় সমর্থক ‘উদি নেকো’র গল্প
বিশ্বকাপের রহস্যময় সমর্থক ‘উদি নেকো’র গল্প

অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দল হিসেবে তুরস্ক যখন তল্পিতল্পা গুটাচ্ছে, তখন মাঠের বাইরের এক গল্পে মজেছে ফুটবল বিশ্ব। তুর্কি ফুটবলাররা যেখানে ব্যর্থ, সেখানে গ্যালারি মাতাচ্ছেন ‘উদি নেকো’ নামের এক সমর্থক—যার অদ্ভুত বেশভূষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।

কিভাবে ভাইরাল হলেন ‘উদি নেকো’?

কানাডার ভ্যাঙ্কুভারে ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন আচমকাই ক্যামেরার লেন্স গিয়ে পড়েছিল তার ওপর। ব্যস, সেখান থেকেই রাতারাতি ভাইরাল। প্রথম দেখায় যে কেউ চমকে যেতে পারেন; পুরো মুখ কালো রঙে ঢাকা, চুল আর চোখজোড়া ধবধবে সাদা, সঙ্গে একগাল লম্বা দাড়ি। কারও কারও মনে হবে কোনো রহস্যময় মানব গ্যালারিতে বসে খেলা দেখছেন! তবে এই বিচিত্র আর অদ্ভুত সাজের আড়ালে লুকিয়ে আছে ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা।

আসল নাম ও পরিচয়

ক্যামেরার সামনের ‘উদি নেকো’র আসল নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপের সৌজন্যে পৃথিবী তাকে চিনলেও নিজ দেশ তুরস্কে তিনি বহু আগে থেকেই পরিচিত। তুর্কি ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক ওলচেরমান। প্রিয় দল যখনই ঘরের মাঠ তুপরাস স্টেডিয়ামে খেলতে নামে, গ্যালারিতে ওলচেরমানের দেখা মিলবেই। ক্লাব ফুটবলের সেই আবেগই তিনি বয়ে নিয়ে এসেছেন জাতীয় দলের জার্সিতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাজের পেছনের দর্শন

নিজেকে এমন ভিন্ন রূপে দাঁড় করাতে ওলচেরমানকেও ঘাম ঝরাতে হয়। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রতি ম্যাচের আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা নিখুঁতভাবে সাজেন। তবে এই সাজ শুধুই বিনোদন নয়, এর পেছনে রয়েছে গভীর এক দর্শনও। এই রূপ মূলত ‘ব্ল্যাক বুল’ বা ‘কালো ষাঁড়’–এর প্রতীক, যা শক্তি, সহনশীলতা আর কখনো হার না–মানার এক অদম্য মানসিকতাকে ফুটিয়ে তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘উদি নেকো’ নামের উৎপত্তি

উদি নেকো নামটির পেছনেও আছে সুন্দর এক গল্প। ‘নেকো’ শব্দটি এসেছে তার আসল নাম নেজদেতের চলিত সংক্ষিপ্ত রূপ থেকে। আর যারা তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ বাজাতে পারদর্শী, তাদের বলা হয় উদি।

পেশাগত জীবন ও সম্মাননা

ফুটবলের প্রতি এমন নিখাদ ভালোবাসা দেখে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষও ওলচেরমানকে একাধিকবার বিশেষভাবে সম্মানিত করেছে। অথচ মজার ব্যাপার হলো, ফুটবল বা বিনোদনজগতের সঙ্গে তার পেশাগত জীবনের দূরতম কোনো সম্পর্ক নেই। ওলচেরমান মূলত একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। শুধু তা–ই নয়, টিওয়াইসি স্পোর্টস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, অতীতে তিনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তুরস্কের শেষ ম্যাচে ‘উদি নেকো’

তুরস্কের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা আগেই শেষ হয়ে গেছে। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচে দল হারুক কিংবা জিতুক, নিজের চেনা অবয়বে গ্যালারিতে ঠিকই আলো ছড়াবেন ‘উদি নেকো’।