বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেল মরক্কো দল। দলের অধিনায়ক ও ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ফরাসি সরকারি কৌঁসুলিরা হাকিমির বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ
২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেন, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখন তার বয়স ছিল ২৪ বছর। এরপর ২০২৩ সালের মার্চে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।
হাকিমির বক্তব্য
২৭ বছর বয়সী হাকিমি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশ সময় কাল ভোর চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। মাঠের লড়াইয়ে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে হাকিমি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, “তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না।” আমি বছরের পর বছর চুপ থাকা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম মর্যাদা ধরে রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে মনে হয়, আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছি। আমি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখনো আমি অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।’
ভুক্তভোগীর আইনজীবীর প্রতিক্রিয়া
অন্যদিকে ভুক্তভোগী তরুণীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে স্বস্তি ও আশা জাগিয়েছে। আশরাফ হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের মানহানি করেছে এবং তার দিকে কাদা ছুড়েছে। তবে এই সিদ্ধান্তের পর সে স্বস্তি পেয়েছে যে বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা আশা করি, এই বিচার অন্য নারীদেরও সাহায্য করবে এবং পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়ালকে ভেঙে দেবে।’ আদালতে এই বিচার কবে থেকে শুরু হবে, তার সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপে সম্ভাব্য জটিলতা
এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। মরক্কো দল বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছে। তবে মরক্কো যদি নকআউট পর্বে যায় এবং তাদের ম্যাচগুলো যদি যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে পড়ে, তখন হাকিমির সেখানে প্রবেশ নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। ঠিক একই কারণে গত সপ্তাহে ঘানার মিডফিল্ডার টমাস পার্টি কানাডায় প্রবেশ করতে পারেননি। ফলে পানামার বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচটি মিস করতে হয় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর আনা সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর পার্টির বিচার শুরু হওয়ার কথা রয়েছে। কানাডা সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে, ‘কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকলে বা অপরাধী সাব্যস্ত হলে’ তাকে দেশে প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



