গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করে বেশ নাটকীয়ভাবেই। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলে ২-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।
ব্রাজিলের নকআউট পর্বের রেকর্ড
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়ে পরের ধাপে উঠেছে। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যখন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
ইউরোপীয় দলের বিপক্ষে ব্যর্থতা
তবে ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে ইউরোপের কোনো দলের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে আর জয়ের দেখা পায়নি ব্রাজিল। টানা ছয়বার ইউরোপীয় প্রতিপক্ষের কাছে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আমেরিকার পরাশক্তিদের। এবার কার্লো আনচেলত্তির দল কি সেই অভিশাপ কাটাতে পারবে? সেই লক্ষ্যে রাত ২টায় মাঠে নেমেছে ভিনিসিয়ুসরা।



