দেশসেরা অন্যতম গোলকিপার আমিনুল হক। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক আসরে তিনি জিতেছেন অসংখ্য ট্রফি। খেলোয়াড়ী জীবন শেষে রাজনীতিতে নাম লিখিয়েও তিনি সফল হয়েছেন। বর্তমানে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। ব্যস্ততার মাঝেও নিজের শিকড়ের কথা ভোলেননি তিনি।
মিরপুর সিটি ক্লাব থেকে শুরু
মিরপুর সিটি ক্লাব থেকে শুরুটা হয়েছিল তার। এই সময়ে এসে সেই ক্লাব ফুটবল, দাবা ও ক্রিকেটে সাফল্য পেয়েছে। তাই সেই ক্লাব নিয়ে করলেন স্মৃতিচারণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল হক লিখেছেন, ‘মিরপুর সিটি ক্লাব আমার খেলোয়াড়ি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ক্লাব থেকেই আমার ফুটবলে হাতেখড়ি, যা আমাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলার এবং দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছিল। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে এই ক্লাবের অবদান অনস্বীকার্য।’
এরপর বললেন, ‘আজ মিরপুর সিটি ক্লাবকে ফুটবল, ক্রিকেট ও দাবা—তিনটি খেলাতেই দেশের শীর্ষ লিগে উন্নীত হতে দেখে আমি সত্যিই গর্বিত। এই অসাধারণ অর্জনের জন্য ক্লাবের সকল খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন।’
তার আশা, ‘আমি আশা করি, সামনের দিনগুলোতেও মিরপুর সিটি ক্লাব তাদের এই উচ্চ মান ও সাফল্যের ধারা বজায় রাখবে, ইনশাআল্লাহ।’



