নতুন বিমান ও তৃতীয় টার্মিনাল চালু নিয়ে যা জানালেন মন্ত্রী
নতুন বিমান ও তৃতীয় টার্মিনাল চালু নিয়ে মন্ত্রী যা জানালেন

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, চলতি বছরে বাংলাদেশ থেকে ৭৮ হাজার যাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। ইতোমধ্যেই প্রায় এক-তৃতীয়াংশ হজযাত্রীর যাত্রা সম্পন্ন হয়েছে এবং তারা সবাই সুস্থভাবে পৌঁছেছেন। বাকিরাও নিরাপদে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ

শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এতে হজে যাওয়া-আসায় ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন বিমান সংযোজন ও তৃতীয় টার্মিনাল উদ্বোধন

নতুন উড়োজাহাজ সংযোজন প্রসঙ্গে তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় বর্তমানে এয়ারক্রাফটের সংখ্যা কম। যাত্রীসেবা বাড়াতে নতুন বিমান কেনা হচ্ছে, যা প্রবাসী যাত্রীদের যাতায়াত সহজ করবে এবং সময় অপচয় কমাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিমানবন্দরের নাম পরিবর্তন প্রসঙ্গে

বিমানবন্দরের নাম পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনগণের পক্ষ থেকে এমন দাবি উঠলে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা এলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে আপাতত এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের মানবিক উদ্যোগ

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণের জীবনমান সহজ করা এবং সুশাসন নিশ্চিত করা। কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের সহায়তায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।