বন্ধুসভা জাতীয় পর্ষদের সভায় নতুন কর্মসূচির সিদ্ধান্ত
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভায় নতুন কর্মসূচি নির্ধারণ

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ২০২৬-২৭-এর চতুর্থ কার্যনির্বাহী সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সফল কর্মসূচি: মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী প্রথম আলো বন্ধুসভার অন্যতম সফল কর্মসূচি ছিল মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড। ঢাকাসহ সারা দেশের ৭৬টি স্থানে প্রথমবারের মতো এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করেছে স্থানীয় বন্ধুসভাগুলো।

আসন্ন কর্মসূচি

আসন্ন বর্ষা মৌসুমে শুরু হতে যাচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর ফাঁকে ফাঁকে পাঠচক্র, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, জাতীয় দিবস উদযাপনসহ নিয়মিত কার্যক্রম নিজেদের উদ্যোগে বাস্তবায়ন করছেন সারা দেশের বন্ধুসভার বন্ধুরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলচ্চিত্র প্রদর্শনী

চলতি মাসের শুরুর দিকে প্রথমবারের মতো বড় পরিসরে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় পর্ষদ। প্রদর্শন করা হয় মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘সাবা’। উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক ডা. আরিফুর রহমান এবং অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। এতে ব্যাপক সাড়া পড়ে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পর্ষদের সহসভাপতি নূর-ই আলম এবং সহযোগী হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচি

আর মাস দেড়েক পরই বর্ষাকাল শুরু হবে। বিগত দুই বছরে প্রতিবার সারা দেশে লক্ষাধিক গাছের চারা রোপণ করেছেন বন্ধুসভার বন্ধুরা। উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তার পাশাপাশি বৃহৎ এই কার্যক্রমে সহযোগী হিসেবে ছিল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। এবার আরও বড় পরিসরে এই কর্মসূচি করতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। সেটির আগাম প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পর্ষদের দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনলাইন বিতর্ক কর্মশালা

সভায় অনলাইন বিতর্ক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেজিস্ট্রেশনের মাধ্যমে বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি সারা দেশের যে কেউ অংশ নিতে পারবেন। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পর্ষদের বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম। এ ছাড়া আত্ম-উন্নয়ন ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এগুলোর সমন্বয় করবেন যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সাফায়েত।

অন্যান্য সিদ্ধান্ত

এর বাইরে সভায় স্পনসর সংগ্রহের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করা, ঢাকা মহানগর বন্ধুসভার উদ্যোগে বুট ক্যাম্প ও বনভোজন আয়োজনসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপস্থিত সদস্যবৃন্দ

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী ও নূর-ই আলম, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা, সামছুদ্দোহা সাফায়েত ও ডা. রেদোয়ান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জান, বিতর্ক ও অনুষ্ঠান কামরুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, নাঈমা সুলতানা ও আবরার জাহিন এবং ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।