সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে জয়ের পরও রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হাই-লাইন ডিফেন্সে খেলতে গিয়ে প্রতি-আক্রমণে গোল হজমের প্রবণতা চোখে পড়েছে।
কোচের কড়া জবাব
এ নিয়ে সমালোচনায় বিরক্ত বাংলাদেশের নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কৌশল বদলানোর কোনো ইচ্ছা তার নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আপনারা যদি চান আমি নিজেকে পরিবর্তন করি, তাহলে আমি চলে যাব। আমি এখানে মেয়েদের ভালোর জন্য আছি এবং সবসময় তাদের সমর্থন করব। আমরা এমন এক ধরনের ফুটবল খেলি, যেখানে মাঝেমধ্যে কিছুটা ঝুঁকি থাকে। কিন্তু সেই ঝুঁকির বিপরীতে সাফল্যের সুযোগও থাকে। আমি আমার দর্শন বদলাব না। যেদিন এটি পরিবর্তন হবে, সেদিন অন্য কোচ নিয়ে আসতে হবে।’
প্রতি-আক্রমণে ভোগা প্রসঙ্গ
প্রতিপক্ষের নিখুঁত প্রতি-আক্রমণে তার দল ভুগেছে কি না—এমন প্রশ্নে বাটলার কড়া ভাষায় তা নাকচ করে দেন। তিনি বলেন, ‘না, না, আমি মনে করি না আমরা ওভাবে পরাস্ত হয়েছি। প্রথম গোলটি কিছুটা ভাগ্যের ছিল। বল ক্রসবারে লেগে লাইনের ওপর পড়ে। এরপর আমরা কাউন্টারে গোল খেয়েছি। আর দ্বিতীয় গোলটির সঙ্গে হাই লাইনের কোনো সম্পর্ক নেই।’
দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা
রক্ষণভাগের দুর্বলতার চেয়ে বাংলাদেশের নারী ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই ইংলিশ কোচ। বাটলারের ভাষায়, ‘আমরা একটি নির্দিষ্ট কৌশলে ফুটবল খেলি। আমি চাই বাংলাদেশি মেয়েরা মাঠে গিয়ে সৃজনশীলভাবে খেলুক, নিজেদের মেলে ধরুক। আমি কখনও সেটি পরিবর্তন করব না।’



