পবিত্র ঈদুল আজহা সারাদেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।
নাজমুল হোসেন শান্তর শুভেচ্ছা
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'বিশ্বাস, ত্যাগ ও আশীর্বাদ। সবাইকে ঈদ মোবারক।'
মেহেদি হাসান মিরাজের শুভেচ্ছা
ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ খুলনার খালিশপুরে পরিবারের সঙ্গে ঈদ করছেন। ঈদের নামাজ শেষে এলাকার সবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।'
লিটন কুমার দাসের শুভেচ্ছা
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস লিখেছেন, 'পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এই বরকতময় ঈদ আপনার জীবন ভরে তুলুক শান্তি, আনন্দ, সুখ ও অফুরন্ত কল্যাণে। আপনি ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ভালোবাসা, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তে ভরা একটি দারুণ ঈদের শুভকামনা।'
আসন্ন সিরিজ
আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ হবে ঢাকায় এবং টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।



