নুরুন্নাহার নিম্নি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বুধবার (২৭ মে) ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তারা তাদের ফেসবুক পেইজে জানান, ''অভিনন্দন নুরুন্নাহার নিম্নি, এভারেস্ট জয়ের শুভেচ্ছা। নেপাল সময় ৫:২৪ মিনিটে এভারেস্ট সামিট গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্প, ৫০ দিনের অভিযান শেষ হলো আজ ভোরের এভারেস্ট সামিটের মাধ্যমে। বাংলার আরও এক নারী দাঁড়ালেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে। অভিনন্দন...''
জানা যায়, এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর কোনও বাংলাদেশি নারী এভারেস্টের শিখরে উঠলেন। এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদা। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর কয়েক ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়ে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেন। ১৭ মে বেজক্যাম্প ছাড়লেও প্রতিকূল আবহাওয়ার কারণে একবার নিচে নেমে আসতে হয় তাকে। পরে আবহাওয়া অনুকূলে এলে ২৫ মে আবার যাত্রা শুরু করেন। শেষ পর্যন্ত আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।
বর্তমানে পুবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি। তার এভারেস্ট অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন।
এভারেস্ট জয় করে নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের নারী পর্বতারোহীদের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করলেন।



