দুই দশকের অপেক্ষা শেষ হওয়ার স্বপ্নে বিভোর আর্সেনাল। শিরোপার দৌড়ে শেষ বাঁকে এসে এখন মিকেল আর্তেতার চোখ বোর্নমাউথের দিকে। পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার সিটিকে থামাতে পারলেই খুলে যেতে পারে প্রিমিয়ার লিগ ট্রফির দরজা। এই কারণেই নিজেকে এখন বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক ঘোষণা করেছেন আর্সেনাল কোচ।
সোমবার বার্নলির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের কঠিন জয়ের পর শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে হলে ম্যানচেস্টার সিটিকে ভাইটালিটি স্টেডিয়ামে জিততেই হবে। তবে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ ম্যাচে যা-ই ঘটুক না কেন, শেষ দিনে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলে ২২ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।
আর্তেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি ২৪ ঘণ্টার জন্য বোর্নমাউথের সমর্থক হয়ে যাবেন? জবাবে বলেছেন, ‘আমার মনে হয়, আমরা সবাই এখন বোর্নমাউথের সমর্থক। কারণ আমরা জানি, এর গুরুত্ব কতটা।’
বার্নলির বিপক্ষে কাই হাভার্টজের প্রথমার্ধের একমাত্র গোলে ২০০৪ সালের পর প্রথম শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল। ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুচাপের মধ্যে থাকতে হয়েছে গানারদের। আর্তেতা স্বীকার করেছেন, ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি দেখার চাপ হয়তো তার পক্ষেও সামলানো কঠিন হবে, ‘ভেবেছিলাম, আমার যতটুকু চুল আছে, তা হয়তো আর ঝরবে না। কিন্তু এই চাকরি সেটাকেও চরম পরীক্ষার মধ্যে ফেলছে। আমি জানি না কতক্ষণ ম্যাচটি দেখতে পারবো। তবে টিভির সামনে থাকবো। কতটা দেখতে পারবো, সেটি নিশ্চিত নই। পরিবারের সঙ্গে বসে ম্যাচ দেখার পরিকল্পনা করেছি, কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না।’



