রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পাঁচ বন্ধুর মধ্যে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা (১৫)।
শোকে ভেঙে পড়েছেন স্বজনরা
ঘটনার পর থেকে অহিদের মা কাজলী বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, 'আল্লা তুই কি করলু, হামার বুকের মানিকোক না নিয়া হামাকে নিলু না ক্যানে। হামার বুকের ধনকছাড়া হামরা কেমন করি বাছমো। বাবা তুই বুড়া মাও বাপোক ছাড়ি কোনটে গেলু।' অপর দিকে মাসুদ রানার বাবা নুর ইসলাম ফুঁপিয়ে কাঁদছেন এবং বলছেন, 'আল্লা মোর ছাওয়াটাক কি কুরবানি হিসাবে নিলু। আল্লা মোর ছাওয়াটাক বেহেস্তে দান করিস।'
ঘটনার বিবরণ
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের বেশ কয়েকজন কিশোর পরিবারের অভাব দূর করতে ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। ঈদের ছুটি পেয়ে তারা ঈদের দুই দিন আগে বাড়িতে আসেন। ঈদের দিন নামাজ আদায় করে বন্ধুরা মিলে আনন্দ উল্লাস করেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের পাঁচ বন্ধু যমুনেশ্বরী নদীতে গোসল করতে যান। নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করলে স্রোতে তারা তলিয়ে যান।
উদ্ধার অভিযান
ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার চেষ্টা চালান। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুজনের সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির তিন ঘণ্টা পর অহিদ ইসলামের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। দুপুরের দিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাসুদ রানার লাশ উদ্ধার করেন।
গ্রামে শোকের ছায়া
সরেজমিনে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই কিশোরের অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই একমাত্র ছেলেদের হারিয়ে পরিবার ও এলাকাবাসী স্তব্ধ। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। স্থানীয় বাসিন্দা আজম আলী বলেন, 'এ দৃশ্য সহ্য করার মতো নয়। যারা সন্তান হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।' ইউপি সদস্য মজুমদার রহমান বলেন, 'দুই পরিবারেরই শুধুমাত্র একটি করে ছেলে ছিল। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল।'
পুলিশের বক্তব্য
তারাগঞ্জ থানার এসআই ফয়সাল রেজা জানান, 'নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যুর ঘটনায় সুরতহাল করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'



