চীনের সানিয়াতে গত এপ্রিলে অনুষ্ঠিত এশিয়ান বীচ গেমসে বাংলাদেশ অ্যাথলেটিকসসহ ছয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছিল। সেখানে নারী কাবাডি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। তবে ইতিবাচক খবরের পাশাপাশি নেতিবাচক খবরও ছিল। অ্যাথলেটিকস দলের ম্যানেজার নজির মল্লিকের বিরুদ্ধে গেমসে কর্মরত এক নারী লিয়াজোঁ অফিসার অশোভন আচরণের অভিযোগ তোলেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে নজির মল্লিককে এক বছরের জন্য যেকোনও গেমস কিংবা নারী দলের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব) নাঈম আশরাফ এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, ‘অ্যাথলেটিকস ফেডারেশনের একটি সেইফ গার্ডিং কমিটি রয়েছে। সেই কমিটির অফিসার সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তিনি পর্যালোচনা করে ফেডারেশন সভাপতির কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠির আলোকে আগামী একবছর কোনও গেমসে তাকে না পাঠানো এবং একইসঙ্গে নারী দলের ক্যাম্প ও নারী দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গেমসে না পাঠানোর বিষয়টি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।’
সেইফগার্ডি কমিটি ও শাস্তির প্রক্রিয়া
গত ৫ মে চার সদস্যের একটি সেইফগার্ডি কমিটি গঠন করা হয়। সাবেক অ্যাথলেট শর্মিষ্ঠা রায় সেই কমিটির আহ্বায়ক, নির্বাহী কমিটির সদস্য ও দ্রুততম মানবী শিরিন আক্তার এবং আরেক নির্বাহী সদস্য মজিবুর রহমান মল্লিক কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন ড. ওয়াজিদা বানু, যিনি সেইফ গার্ডিং অফিসার হিসেবে মূল দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এ ধরনের অভিযোগ নানা সময়ে আসলেও ধামাচাপার ঘটনা ঘটেছে। তবে একজন বিদেশি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক অতীতে ঘটেনি।
জাতীয় অ্যাথলেটিক্সে উপস্থিতি ও ব্যাখ্যা
সম্প্রতি অ্যাথলেটিক্স ফেডারেশন ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স আয়োজন করেছে। সেই প্রতিযোগিতায় ফেডারেশনের সদস্য নজির মল্লিক প্রতিদিনই উপস্থিত ছিলেন এবং নারীদের অনেক ইভেন্টে পুরস্কার প্রদানও করেছেন। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় অ্যাথলেটিকসে নারীদের পাশাপাশি পুরুষরাও অংশগ্রহণ করেছে। এটা সবার জন্য উন্মুক্ত। তাই নজির মল্লিক মাঠে ছিলেন। তাকে তো নারী দলের ক্যাম্প এবং নারী দলের সঙ্গে সম্পৃক্ত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অ্যাথলেটিকসের অন্য কর্মকাণ্ডে অংশগ্রহণে কোনও সমস্যা নেই।’



