গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন মারা গেছে ঢাকায়। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। দেশে হামের এমন ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন দায়ীদের শাস্তি চেয়েছেন।
রুবেল হোসেনের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার (৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য অবসর নেওয়া ক্রিকেটার লিখেছেন, “একটি প্রাণীর কষ্ট দেখে আমরা আবেগপ্রবণ হই, কিন্তু আজ যখন ছোট ছোট নিষ্পাপ শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন সমাজের বিবেক যেন স্তব্ধ হয়ে গেছে। এই নীরবতাও একধরনের ব্যর্থতা। শিশুরা মারা যাচ্ছে, অথচ দায়িত্বশীলদের মধ্যে যেন কোনও উদ্বেগই নেই।”
জাতির ব্যর্থতা
তার ভাষ্যমতে, “একটি শিশুর মৃত্যু কখনোই শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো জাতির ব্যর্থতা। তাই এই মৃত্যুগুলোকে স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণ জানতে চায়, কেন টিকা কার্যক্রমে এমন অবহেলা হলো, কারা দায়ী এবং কেন এখনও কার্যকর জবাবদিহি দেখা যাচ্ছে না। কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা।”



