যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে দেখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল স্কালোনির দলকে এবারও বড় শক্তি হিসেবে মানছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
ভিনিসিয়ুসের মতামত
কাজেইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, “বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে আমি আর্জেন্টিনাকেই বেছে নেব। কারণ তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে, আর সবচেয়ে বড় বিষয় হলো—তাদের দলে মেসি আছে।”
মেসির প্রশংসা
৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যে এখনও প্রতিপক্ষের কাছে ভয়ংকর এক নাম, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে নিয়ে তিনি বলেন, “মেসি সবসময়ই নতুন কিছু নিয়ে হাজির হয়। মাঠে সে কী করতে যাচ্ছে, সেটা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব।”
ব্রাজিলের লক্ষ্য
আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক থাকলেও ব্রাজিলের মূল লক্ষ্য বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার। ২০০২ সালের পর প্রথমবারের মতো ট্রফি দেশে ফেরাতে মরিয়া সেলেসাওরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই মিশনের অন্যতম বড় ভরসা ভিনিসিয়ুস নিজেই।
ব্রাজিলের গ্রুপ সি
বিশ্বকাপের ‘গ্রুপ সি’তে জায়গা হয়েছে ব্রাজিলের। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ১৯ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।



