আলভারেজের সাক্ষাৎকার: বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনা
আলভারেজের সাক্ষাৎকার: বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনা

আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দলীয় প্রতিযোগিতা, বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্য এবং লিওনেল মেসির প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন।

লাওতারো মার্তিনেজের সঙ্গে প্রতিযোগিতা

প্রশ্ন করা হলে আলভারেজ বলেন, 'আমরা প্রতিদ্বন্দ্বী, তবে একসঙ্গেও খেলতে পারি, আর সেটি আমার জন্য আনন্দের। যখনই আমরা একসঙ্গে মাঠে নেমেছি, ভালো খেলেছি। আবার যখন আমাদের একজন সুযোগ পায়, তখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দলের জন্য ভালোটাই চাই। এই ভেতরের প্রতিযোগিতা আমাদের দুজনকেই প্রতিদিন আরও উন্নতি করতে সাহায্য করে। সব সময়ই এমন হওয়া উচিত। কারণ, শক্তিশালী ও ইতিবাচক প্রতিযোগিতা থাকলে সবাই আরও ভালো হয়ে ওঠে, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'

আর্জেন্টিনার লক্ষ্য

আলভারেজ জানান, 'আর্জেন্টাইন হিসেবে আমাদের মধ্যে সব সময়ই শিরোপা জয়ের স্বপ্ন ও উত্তেজনা কাজ করে। এবারও ভিন্ন কিছু ভাবার কোনো কারণ নেই। আমরা ফাইনালে উঠতে চাই। আমরা জানি, কাজটা সহজ হবে না। এতে আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে। অনেক কিছুর মীমাংসা হতে পারে খুব সূক্ষ্ম ব্যবধানেও। আমরা যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগোতে চাই। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এই বিশ্বকাপে নামা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। আমি ভীষণ গর্বিত। অবশ্যই আমরা শিরোপা ধরে রাখতে চাই এবং আবারও আমাদের মানুষদের আনন্দে ভাসাতে চাই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাতার বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত

সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসেবে আলভারেজ মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকে বেছে নেন। তিনি বলেন, 'আমার মনে হয় সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এর পর থেকে অনেক কিছু বদলে যেতে শুরু করে। পাশাপাশি এই ম্যাচের আগের পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। সেটা আমাদের জন্য সত্যিকারের টার্নিং পয়েন্ট ছিল। ওই মুহূর্ত থেকেই সবকিছু গুছিয়ে আসতে শুরু করে এবং আমরা বুঝতে পারি, এখন আমাদের ভাগ্য পুরোপুরি আমাদের নিজের হাতেই।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিহাসের সেরা দল হওয়ার সম্ভাবনা

বিশ্বকাপ ধরে রাখতে পারলে এই দলটিকে ইতিহাসের সেরা বিবেচনা করা হবে কি না—এমন প্রশ্নে আলভারেজ বলেন, 'যদি আমরা বিশ্বকাপ ধরে রাখতে পারি, তাহলে সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ, আমরা টানা বিশ্বচ্যাম্পিয়ন হব, পাশাপাশি দুবার কোপা আমেরিকাও জিতেছি। কয়েক বছর ধরে আমাদের দেশের জন্য এটা সত্যিই এক স্বর্ণযুগ। আমরা চাই এই দারুণ মুহূর্তগুলো আরও উপভোগ করতে, যা আমাদের সবাইকে অনেক আনন্দ দেয়।'

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ

মেসির শেষ বিশ্বকাপ হতে পারে উল্লেখ করে আলভারেজ বলেন, 'আমরা পুরোপুরি সচেতন যে বয়স বিবেচনায় এটি লিওর শেষ বিশ্বকাপও হতে পারে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। এটি অবশ্যই একটি বিশেষ বিশ্বকাপ হবে। শুধু আমাদের জন্য বা আর্জেন্টিনার মানুষের জন্য নয়, বরং যারা তাকে অনুসরণ করে, সবার জন্যই। কারণ, সে সর্বকালের সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই সে বিশ্বজুড়ে বিশাল প্রভাব ফেলেছে।'

দায়িত্ব ও উন্নতি

মাঠে নামার সময় নিজের ওপর দায়িত্ব অনুভব করেন কি না—জানতে চাইলে আলভারেজ বলেন, 'যখন আপনি আর্জেন্টিনার জার্সি পরেন, তখন আপনি এমন এক দেশের প্রতিনিধিত্ব করেন, যারা ফুটবলে বাঁচে এবং নিশ্বাস নেয়। তাদের সেই আবেগকে ধারণ করে এই জার্সি পরা আমার জন্য গর্বের বিষয়। এটা অবশ্যই একটি দায়িত্বও বটে, কিন্তু আমরা সবাই তা ভালোবাসা ও আবেগ নিয়েই লালন করি।'

২০২২ সালের পর নিজের খেলোয়াড়ি জীবনের পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বলব না যে ২০২২ সালের পর থেকে আমার খেলার স্টাইলে খুব বড় পরিবর্তন এসেছে। তবে আমি কিছু নতুন বিষয় শিখেছি এবং নির্দিষ্ট কিছু দিক উন্নত করেছি। গত কয়েক বছরে অনেক ম্যাচ খেলার কারণে এখন আমার অভিজ্ঞতা অনেক বেড়েছে। সবচেয়ে বড় কথা, এই জার্সি পরলে একটা বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজে থেকেই আরও ভালো হয়ে ওঠেন, যদিও সেটা সব সময় টেরও পাওয়া যায় না।'