মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচে নকআউট নিশ্চিতের লড়াই
মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচে নকআউট নিশ্চিতের লড়াই

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচে নকআউট নিশ্চিতের লড়াই

বিশ্বকাপের দ্বিতীয় চক্র শুরু হচ্ছে আজ। এই চক্রের প্রথম দিনেই নকআউট পর্বের প্রথম দলটি পেয়ে যেতে পারে ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের বিশ্বকাপের সর্বশেষ দুটি দল হিসেবে আজ সকালে মাঠে নামছে উজবেকিস্তান ও কলম্বিয়া। আজ রাতে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের দ্বিতীয় চক্র।

চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা, আটলান্টা (রাত ১০টা)

নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ‘এ’ গ্রুপের দুই দল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা আজ দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২ নিশ্চিত করতে পারবে না। উদ্বোধনী ম্যাচে সহস্বাগতিক মেক্সিকোর কাছে হারা দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া চেক প্রজাতন্ত্র আজ মুখোমুখি হচ্ছে আটলান্টায়। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ম্যাচে যারাই জিতুক তাদের পয়েন্ট হবে ৩। ম্যাচটি ড্র হলে দুই দলেরই বিপদ। এমন কিছু হলে সেরা আটটি তৃতীয় দলের মধ্যে থেকে রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে দুই দলের।

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, গুয়াদালাহারা (আগামীকাল সকাল ৭টা)

দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে দুই দলেরই। প্রথম ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট পেয়েছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। আজ যারা জিতবে তারা ৬ পয়েন্ট নিয়ে সরাসরি উঠে যাবে শেষ ৩২-এ। যারা হারবে তারাও নিজেদের শেষ ম্যাচ জিতে বা ড্র করে উঠে যেতে পারে পরের রাউন্ডে। স্বাগতিক হিসেবে মেক্সিকোই আজ ফেবারিট। তবে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউরোপীয় দল চেক প্রজাতন্ত্রকে হারিয়ে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া বুঝিয়ে দিয়েছে নিজেদের দিনে কী করতে পারে তারা। সন হিয়ুং-মিনের দল টানা দ্বিতীয়বার উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। মেক্সিকোর সুযোগ ২০১৮ সালের পর আবার নকআউট পর্বে ওঠার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুইজারল্যান্ড-বসনিয়া, লস অ্যাঞ্জেলেস (রাত ১টা)

চার দলেরই পয়েন্ট ১, তবে ফেয়ার প্লের হিসাবে এগিয়ে থাকায় আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষে আছে সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ড্র করা সুইসরা চাইবে আজই দ্বিতীয় রাউন্ডে ওঠার কাজটা এগিয়ে রাখতে। অল-ইউরোপিয়ান ম্যাচে আজ বসনিয়া ও হার্জেগোভিনাকে হারালে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে গ্রানিত জাকার দল। ফেয়ার প্লের হিসাবে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও চার দলের মধ্যে চারে থাকা বসনিয়ারও একই হিসাব। ২০১৪ সালের পর বিশ্বকাপে ফেরা বসনিয়ার সামনে সুযোগ প্রথমবার নকআউট পর্বে ওঠার।

কানাডা-কাতার, ভ্যাঙ্কুভার (আগামীকাল ভোর ৪টা)

নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্টটা এবারই পেয়েছে কানাডা ও কাতার। সেই দুদলই আজ মুখোমুখি ভ্যাঙ্কুভারে। দুদলেরই সামনে সুযোগ ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে এক পা দিয়ে রাখার। স্বাগতিক কানাডাই ফেবারিট আজ। জেসি মার্শের কানাডার বেশির ভাগ খেলোয়াড়ই খেলেন ইউরোপের বিভিন্ন লিগে। অন্যদিকে হুলেন লোপেতেগির দলের ২৬ জনের ২৫ জনই খেলেন কাতারের ঘরোয়া লিগে। অভিজ্ঞ দুই কোচের কার কৌশল আজ কাজে লাগবে কে জানে! ম্যাচটি ড্র হলে নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে দুদলের জন্যই, এমনকি আজ যারা হারবে তাদেরও সুযোগ থাকবে শেষ ম্যাচটি জিতে পরের পর্বে যাওয়ার।