বাংলাদেশের ফুটবলে হ্যাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ। এখন সবার নজর জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, সেই দিকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, রোববারের মধ্যে কোচ চূড়ান্ত করা হবে এবং ১৫ মে চুক্তি স্বাক্ষর হবে। ধারণা করা হচ্ছিলো রোববার (১০ মে) নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তবে সবশেষ খবরে জানা যাচ্ছে, ১৫ মেতেই হেড কোচ চূড়ান্ত ও চুক্তি সম্পন্ন করবে বাফুফে।
বাফুফের অবস্থান
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের একটি গণমাধ্যমকে বলেন, 'না, আজকে (রোববার) কোচের নাম ঘোষণা করা হচ্ছে না। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ১৫ মে পর্যন্ত আলোচনা চলবে। এরপর সবকিছু ঠিক হবে।'
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে করেছিলেন একাধিক হাইপ্রোফাইল কোচ। বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, কোচ হতে ২৩০টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে প্রাথমিক তালিকায় ১০০ জন এবং পরবর্তী সময়ে ২৩ জনকে রাখা হয়। সেখান থেকে বিচার-বিশ্লেষণ শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয় মাত্র ১১ জনকে।
রোজেরিও মিকেলের প্রস্থান
বাংলাদেশের কোচ হওয়ার আবেদনে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছিল রোজেরিও মিকেলের নাম। ২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের সোনা জেতানো এই ব্রাজিলিয়ানকে নিয়ে শুরু থেকেই উৎসাহ ছিল অনেক। তবে বাফুফের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় মিকেল নিজেই কোচের দৌড় থেকে সরে গেছেন বলে জানা গেছে। ও'গ্লোবোসহ ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৮ মে মিকেল ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। এই ক্লাবের হয়ে একসময় খেলেছেন মিকেল।
প্রার্থীদের মধ্যে এগিয়ে কারা?
মিকেল ফসকে যাওয়ার পর বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তার পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন।
বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি।



