২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখন পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি আছে। বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যে স্কোয়াড জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা এবং খেলোয়াড় পরিবর্তনের কড়া নিয়মকানুন জানিয়ে দিয়েছে ফিফা। সব মিলিয়ে এই বিশ্বকাপে মাঠ মাতাতে উত্তর আমেরিকায় পা রাখবেন ১ হাজার ২৪৮ জন ফুটবলার।
প্রাথমিক তালিকা জমা
বিশ্বকাপের প্রথম ধাপ শুরু হবে আগামী ১১ মে। এই তারিখের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাথমিক তালিকা ফিফার কাছে জমা দিতে হবে। এই তালিকায় সর্বনিম্ন ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় থাকতে পারবেন। খেলোয়াড়দের পাশাপাশি কোচ, চিকিৎসক ও ম্যানেজারসহ সর্বোচ্চ ৭৫ জন কর্মকর্তাকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ফিফা এই প্রাথমিক তালিকাটি জনসমক্ষে প্রকাশ করবে না। এটি মূলত টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের একটি অফিসিয়াল পুল হিসেবে কাজ করবে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে কেবল এই তালিকা থেকেই বদলি খেলোয়াড় নেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগে এই প্রাথমিক তালিকায় পরিবর্তন আনার সুযোগ রাখা হয়েছে।
ক্লাব ফুটবল থেকে মুক্তি
ক্লাব ফুটবল থেকে খেলোয়াড়দের মুক্তির বিষয়েও ফিফা নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে। ২৫ মে তারিখের মধ্যে ক্লাবগুলোকে তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছেড়ে দিতে হবে। ২৩ মে এর মধ্যে অধিকাংশ ক্লাব ফুটবল শেষ হবে এবং ২৪ মে থেকে খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির সময় শুরু হবে। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় আসরগুলোর জন্য কিছুটা শিথিলতা রাখা হয়েছে। যারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল (৩০ মে), কনফারেন্স লিগের ফাইনাল (২৮ মে) অথবা কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনাল (৩০ মে) খেলবেন তাদের জন্য ফিফার অনুমতি সাপেক্ষে ভিন্ন সময় প্রযোজ্য হবে।
চূড়ান্ত স্কোয়াড জমা
চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার জন্য দলগুলো ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সময় পাবে। প্রতিটি দেশকে ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় নিয়ে তাদের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। কাতার বিশ্বকাপের মতো এবারও দলগুলোতে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ দেওয়া হয়েছে। ফিফা জানিয়েছে তারা অফিসিয়ালি এই স্কোয়াডের তালিকা ২ জুন প্রকাশ করবে। যদিও জাতীয় দলগুলো যে কোনো সময় তাদের দল ঘোষণা করতে পারে কিন্তু ২ জুন ফিফার অনুমোদনের পরেই তা অফিসিয়াল হিসেবে গণ্য হবে।
খেলোয়াড় পরিবর্তনের নিয়ম
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে ফিফা বেশ কঠোর নীতি অবলম্বন করছে। চূড়ান্ত তালিকায় থাকা কোনো খেলোয়াড় যদি গুরুতর অসুস্থ বা বড় ধরনের ইনজুরিতে পড়েন তবেই তাকে পরিবর্তন করা যাবে। এই পরিবর্তন অবশ্যই দলগুলোর প্রথম ম্যাচ শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে করতে হবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক তালিকাভুক্ত হতে হবে। ফিফার মেডিক্যাল টিমের প্রধান খেলোয়াড়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে অনুমতি দিলেই কেবল এই পরিবর্তন কার্যকর হবে।



