বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার তারিখ ও নিয়মাবলী জানুন
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তারিখ ও নিয়মাবলী

বিশ্বকাপ ট্রফির জন্য মাঠে নামবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, মোহাম্মদ সালাহ—এমন তারকা ফুটবলারদের তালিকা দীর্ঘ। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এই ফুটবলাররা বিশ্বকাপে খেলবেন, তা প্রায় নিশ্চিত। তবে নেইমার, এস্তেভাও, ক্রিশ্চিয়ান রোমেরোসহ বেশ কয়েকজন ফুটবলার দলে জায়গা পাচ্ছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফুটবল দলীয় খেলা হওয়ায় প্রতিটি দেশের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের শক্তি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। কিন্তু কবে জানা যাবে ৪৮টি দলের স্কোয়াড?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ঠিক এক মাস আগে থেকে প্রাথমিক দল জমা দেওয়ার কাজ শুরু হবে। তবে কৌতূহলীদের জন্য দুঃসংবাদ হলো, প্রাথমিক দলে কোন দেশ কাকে রেখেছে, তা সম্পূর্ণ জানা যাবে না—যদি না সংশ্লিষ্ট দেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। পুরো প্রক্রিয়াটি বোঝানো যাক।

প্রাথমিক স্কোয়াড তালিকা: ১১ মে

দলগুলোকে ১১ মের মধ্যে ফিফার কাছে প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই দলে সর্বনিম্ন ৩৫ ও সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে। বাধ্যতামূলকভাবে চারজন গোলকিপার রাখতে হবে। এই লম্বা তালিকাটি টুর্নামেন্টের জন্য যোগ্য খেলোয়াড়দের দাপ্তরিক পুল হিসেবে কাজ করবে। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে অবশ্যই এই তালিকা থেকেই নিতে হবে। প্রাথমিক তালিকা দলগুলো চাইলে প্রকাশ করতে পারবে, তবে ফিফা তা প্রকাশ করবে না। কারণ, বিশেষ ক্ষেত্রে এবং চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগ পর্যন্ত প্রাথমিক তালিকায় পরিবর্তন আনার সুযোগ আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়পত্র: ২৫ মে

খেলোয়াড়েরা এখন নিজ নিজ ক্লাবে আছেন। বিশ্বকাপের জন্য ২৫ মের মধ্যে ক্লাবগুলোকে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছেড়ে দিতে হবে। তবে যেসব খেলোয়াড় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (৩০ মে), উয়েফা কনফারেনস লিগ (২৭ মে) এবং কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের (৩০ মে) ফাইনালে খেলবেন, ফিফার অনুমোদন সাপেক্ষে তাঁরা তত দিন পর্যন্ত ক্লাবে থাকতে পারবেন।

চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন: ১ জুন

জাতীয় দলগুলো ২৫ মে থেকে ১ জুনের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেবে। এই দলে সর্বনিম্ন ২৩ এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। চূড়ান্ত দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকতে হবে। ফিফা জানিয়েছে, দলগুলো তাদের প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে গুরুতর আঘাত বা অসুস্থতার কারণে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে, তবে সেই খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে। প্রাথমিক তালিকায় না থাকা কেউ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না।

ফিফা কর্তৃক স্কোয়াড ঘোষণা: ২ জুন

২ জুন ফিফা ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে। তবে দলগুলো চাইলে এর আগে যেকোনো সময় তাদের খেলোয়াড় তালিকা প্রকাশ করতে পারবে। তবে ২ জুন ফিফা কর্তৃক নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলো অফিশিয়াল হিসেবে গণ্য হবে না।

ফেবারিট দলগুলোর স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখ

অংশগ্রহণকারী দেশগুলো চাইলে আগেভাগে প্রাথমিক বা চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারবে। কয়েকটি দেশের সম্ভাব্য তারিখ জানা গেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দল ঘোষণা হতে পারে ১৮ মে। এর পরদিন রোনালদোদের দল পর্তুগালের স্কোয়াড ঘোষণার কথা রয়েছে। ২১ মে জার্মানি এবং ২২ মে ইংল্যান্ড তাদের দল ঘোষণা করবে। ফেবারিট স্পেন অবশ্য দেরি করতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লামিনে ইয়ামালের চোট সমস্যা থাকায় কোচ দে ফুয়েন্তে ১ জুন পর্যন্ত সময় নিতে পারেন। গতবারের রানার্সআপ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের ১৩ মে প্রাথমিক দল ঘোষণার সম্ভাবনা আছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দল ঘোষণার তারিখ স্পষ্ট নয়।