ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়াতে যাচ্ছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ। গত বৃহস্পতিবার সিবিএফ এ তথ্য জানায়।
আনচেলত্তি গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন। তাঁর হাত ধরেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ৬৬ বছর বয়সী আনচেলত্তি এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচের দায়িত্ব সামলেছেন। কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তি বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরে সিবিএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
সিবিএফ সভাপতি সামির জাউদ গত বৃহস্পতিবার ফোর্তালেজায় ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে বলেন, তিনি ‘নিশ্চিত’ যে ‘বিশ্বকাপের আগে’ই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জাউদ আরও জানান, সিবিএফ ও আনচেলত্তির আইনজীবীরা নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।
চলতি বছর বিশ্বকাপের পরও ব্রাজিলের কোচ পদে থাকার বিষয়ে আনচেলত্তি নিজেও এর আগে বারবার আগ্রহ প্রকাশ করেছেন।
১৮ মে রিও ডি জেনিরোতে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে ব্রাজিল। বিশ্বকাপে দল নিয়ে নিউ জার্সিতে থাকবেন আনচেলত্তি। ‘সি’ গ্রুপে তাঁদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নিউ জার্সিতে ১৩ জুন মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।



