বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘ চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব খুঁজছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার ফর্টিসে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় কোচ নিয়োগ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, বিশেষ কমিটির দেওয়া প্রাথমিক তালিকা থেকে প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
সংক্ষিপ্ত তালিকায় কারা?
তিনি বলেন, ‘১০ জনের তালিকা আরও সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে নতুন কোচ চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।’ বাফুফে সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল ও জার্মানির কয়েকজন অভিজ্ঞ কোচ রয়েছেন। আগামী কয়েকদিনে তাদের সঙ্গে অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। বেতন, সুযোগ-সুবিধা, টেকনিক্যাল স্টাফ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
গোলরক্ষক কোচ নিয়োগেও কাজ
শুধু প্রধান কোচ নন, গোলরক্ষক কোচ নিয়োগ নিয়েও কাজ করছে বাফুফে। তবে এ ক্ষেত্রে নতুন প্রধান কোচের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমিরুল বলেন, ‘আগে প্রধান কোচ ঠিক করতে চাই। এরপর তার পছন্দ অনুযায়ী গোলরক্ষক ও ফিটনেস কোচের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।’
সান মারিনো ম্যাচ ও চার জাতির টুর্নামেন্ট
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময়ে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টেও অংশ নেবে দল। ফিফা স্বীকৃত ম্যাচ হওয়ায় হামজা চৌধুরী ও শমিত সোমদের মূল লক্ষ্য থাকবে সান মারিনো ম্যাচ। নতুন কোচ নিয়োগের মাধ্যমে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, কার হাত ধরে শুরু হয় বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়।



