বাফুফেকে তিন স্টেডিয়াম দিচ্ছে এনএসসি, মেয়াদ ২২ বছর
বাফুফেকে তিন স্টেডিয়াম দিচ্ছে এনএসসি, মেয়াদ ২২ বছর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তিনটি স্টেডিয়াম বরাদ্দ দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্টেডিয়ামগুলো হলো—কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো ২২ বছরের জন্য বাফুফেকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন বরাদ্দ

গত সেপ্টেম্বরে এনএসসি ৮টি জেলা স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে বরাদ্দ দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এখন তিনটি স্টেডিয়াম ২২ বছরের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান প্রথম আলোকে জানান, ‘কমলাপুর, চট্টগ্রাম আর সিলেট স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ২২ বছরের জন্য দেওয়া হবে। চুক্তির খসড়া বাফুফেকে পাঠানো হয়েছে। বাফুফেও তাদের মতামত পাঠিয়েছে। তিনটি স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার আনুষ্ঠানিকতা দ্রুতই সম্পন্ন করা হবে।’

পূর্বের তালিকায় ছিল ৮টি স্টেডিয়াম

আগের বরাদ্দের তালিকায় ছিল নীলফামারী, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার ও সিলেট জেলা স্টেডিয়াম। গত বছর জানুয়ারিতে প্রথমবার তৎকালীন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম (বর্তমানে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম) বাফুফেকে ২৫ বছরের জন্য বরাদ্দের ঘোষণা দেয় এনএসসি। কিন্তু স্থানীয় ক্রীড়াবিদদের প্রতিবাদের মুখে চট্টগ্রাম স্টেডিয়াম দখলে নিতে পারেনি বাফুফে। এখন আবার নতুন করে স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কমলাপুর স্টেডিয়ামের বিশেষত্ব

নতুন বরাদ্দের সংক্ষিপ্ত তালিকায় ঢুকেছে কমলাপুর স্টেডিয়ামও। প্রতিষ্ঠার পর থেকেই কমলাপুর স্টেডিয়ামে বাফুফের অধীন শুধুই ফুটবল হয়। এই স্টেডিয়াম বাফুফেকে নতুন করে দেওয়া না–দেওয়ার তাই কোনো বিশেষত্ব নেই। তবু সরকার নতুনভাবে স্টেডিয়ামটি বাফুফেকে বরাদ্দ দিচ্ছে। কমলাপুরে অন্য কোনো খেলা না হওয়ায় স্টেডিয়ামটি ব্যবহার নিয়ে আর কোনো ফেডারেশনের সঙ্গে টানাপোড়েন নেই বাফুফের, যেটি আছে জেলা স্টেডিয়ামগুলোর ক্ষেত্রে।

জেলা স্টেডিয়ামে অন্যান্য খেলার সংকট

জেলা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, অ্যাথলেটিকসসহ অন্যান্য খেলাও হয়। স্টেডিয়ামগুলো শুধু ফুটবলকে দেওয়া হলে তাই সংকট সৃষ্টির আশঙ্কা থাকেই। তবে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামে ক্রিকেট হবে না জানিয়ে বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সরকার আমাদের যে তিনটি স্টেডিয়াম বরাদ্দের কথা জানিয়েছে, তার মধ্যে সিলেট ও চট্টগ্রামে ক্রিকেট হয়। কিন্তু বাফুফেকে বরাদ্দের পর সেখানে পিচ করলে আমরা ফুটবল খেলব কীভাবে? তাই এনএসসি বলেছে ক্রিকেট ছাড়া অন্য খেলা আয়োজন করা যাবে।’

স্টেডিয়াম আধুনিকায়নের পরিকল্পনা

এনএসসির রক্ষণাবেক্ষণের শর্ত মেনে ফিফার অনুদানে তিনটি স্টেডিয়াম আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে বাফুফে। যার মধ্যে আছে কমলাপুরের গ্যালারি সংস্কার করে চেয়ার বসানোর পরিকল্পনাও।