আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান। শুক্রবার ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ফিফার সংস্থার সঙ্গে আলোচনার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
ফিফার সদর দফতরে বৈঠক
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিমানবন্দরে আটক ও জিজ্ঞাসাবাদ
ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে মেহেদি তাজ বলেন, ‘আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল, আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কি না। জবাবে আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দিই না, এটাই আমাদের দেশের আইন।’
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ইরান অংশ নিতে পারবে কি না বা অংশ নিতে আগ্রহী কি না- তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার কংগ্রেসে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে।



