রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বেনফিকার আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।
নিষেধাজ্ঞার বিবরণ
উয়েফা জানিয়েছে, ‘বর্ণবৈষম্যমূলক আচরণের (সমকামবিদ্বেষী) জন্য’ আর্জেন্টাইন উইঙ্গারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী দুই বছরের মধ্যে আবার একই অপরাধ করলে স্থগিত থাকা তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ঘটনার সূত্রপাত
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগ প্লে অফের সেই ম্যাচে একমাত্র গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উদযাপন করেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন স্বাগতিক দর্শকরাও। বিষয়টি মোটেও ভালো লাগেনি প্রেস্তিয়ান্নি ও বেনফিকার অন্য খেলোয়াড়দের। কিছুক্ষণ পরই ভিনিসিয়ুস প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। রেফারি ম্যাচ বন্ধ করে দেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ বলেছিলেন ব্রাজিলিয়ানকে।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের বক্তব্য
আর্জেন্টাইন ফরোয়ার্ড উয়েফাকে জানান, বর্ণবাদী কোনো মন্তব্য তিনি করেননি। ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেন তিনি। উয়েফার তদন্ত চলমান থাকতেই প্রেস্তিয়ান্নিকে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ করা হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলায় আর দুই ম্যাচ খেলতে পারবেন না এই উইঙ্গার।
শাস্তির প্রভাব
এই শাস্তি প্রযোজ্য হবে বিশ্বকাপেও, যদি তাকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়। কারণ এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বর্ধিত করতে ফিফাকে অনুরোধ করেছে উয়েফা। অন্যথায় এই শাস্তি তিনি পাবেন আগামী মৌসুমের উয়েফা প্রতিযোগিতাগুলোতে।



