রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে। সরকারের কোনো খেয়াল নেই। সরকার বিভিন্ন কার্ড নিয়ে ব্যস্ত। জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ কোনো জায়গায় ১২ ঘণ্টা, কোনো জায়গায় ১৬ ঘণ্টা থাকছে না। কৃষকদের ফসল ফলানোর সময় বিদ্যুৎ না থাকলে তারা কী করবে?
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বদরগঞ্জ মডেল হাইস্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের আহ্বান
সাংসদ এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য উল্লেখ করে সব পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ
এমপি আজহারুল ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের সবদিকে খেয়াল রাখা উচিত। চাঁদাবাজি, দ্রব্যমূল্য ও বিদ্যুৎ সংকটের মতো বিষয়ে নজর দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে।



