বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বড় ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। উরুর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের প্রতিভাবান ফরোয়ার্ড লেনার্ট কার্ল। ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল চলতি মৌসুমে বুন্দেস লিগার অন্যতম সেরা পারফর্মার। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হচ্ছিল তাকে।
চোটের ঘটনা
প্রতিভাবান এই ফুটবলার বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির শেষ অনুশীলন সেশনে চোট পান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শিকাগোতে কথা বলেন নাগেলসমান। তিনি নিশ্চিত করেন, ১৮ বছর বয়সী কার্ল অনুশীলনে চোট পেয়েছেন। তাই বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় আছে।
নাগেলসমান বলেন, ‘সত্যি বলতে, দেখে ভালো মনে হয়নি। সে এখন হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আগে পরিস্থিতিটা বুঝতে হবে, তাকেও বুঝতে হবে। এর জন্য একটা পরীক্ষা করানো দরকার। তারপর দেখব বদলি খেলোয়াড় ডাকব কি না।’ কার্লের চোটের ধরন সম্পর্কে কিছু জানাননি কোচ।
কার্লের পারফরম্যান্স
বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড সবশেষ মৌসুমে শীর্ষ পর্যায়ে অভিষিক্ত হন। তিনি দ্রুতই ভিনসেন্ট কোম্পানির বুন্দেসলিগা শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। গত রোববার ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জার্মানির হয়ে প্রথম ম্যাচ শুরু করেন কার্ল। সেই ম্যাচে একটি গোলেও সহায়তা করেন তিনি। যখনই তাকে নিয়ে আশা দেখছিল জার্মানি, তখনই পথে এল নতুন কাটা। চোট শঙ্কায় এখন বিশ্বকাপে অনিশ্চিত তিনি।
নয়্যার প্রসঙ্গ
নাগেলসমান জানান অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফিট থাকবেন না। তবে তিনি আশা করছেন, ১৪ জুন কুরাসাওর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নয়্যার ফিরে আসবেন। ২০১৪ বিশ্বকাপ জয়ী নয়্যারকে মে মাসে অবাক করে দলে ডাকা হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর পর তাকে দলে নেওয়া হয়েছে।
নয়্যারকে নিয়ে নাগেলসমান বলেন, ‘তার বয়সে ওয়ার্ম-আপ পর্বের দরকার নেই। সে জানে চাপের মধ্যে কীভাবে খেলতে হয়।’ তিনি আরও বলেন, ‘সে সেরা ফিটনেসের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমরা আগামীকাল কোনো ঝুঁকি নিতে চাই না।’



