সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নেপাল এগিয়ে গেলেও যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফিরেছে দুবারের চ্যাম্পিয়নরা। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।
ম্যাচের শুরুতে নেপালের আধিপত্য
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে নেপাল। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় তারা। দীপা শাহির নেওয়া সেট পিস থেকে বল গোলকিপার মিলি আক্তারের হাত ছুঁয়ে আসে। এরপর এক ডিফেন্ডারও ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা গীতা রানার শট ডিফেন্ডারদের ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।
নেপালের মিস করা সুযোগ
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল নেপাল। প্রীতি রাইয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ৪২তম মিনিটে নেপালের আরও একটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়। তবে রেনুকা নাগরকোটির হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে দিয়ে চলে যায়।
ঋতুপর্ণার অলিম্পিক গোলে সমতা
প্রথমার্ধের যোগ করা সময়ে অলিম্পিক গোল থেকে সমতায় ফেরে বাংলাদেশ। ঋতুপর্ণার কর্নার থেকে নেওয়া বাঁ পায়ের শট সরাসরি গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এরপর বাংলাদেশ আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
একাদশে তিন পরিবর্তন
এর আগে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। রক্ষণভাগে ফিরেছেন আফঈদা খন্দকার। পারফরম্যান্সের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল সুরমা জান্নাতকে। তবে ভারত ম্যাচের চাপ সামলাতে না পারার কারণে কোচ পিটার বাটলার আবারও আস্থা রেখেছেন আফঈদার ওপর।
এ ছাড়া একাদশে ফিরেছেন সুরভী আকন্দ প্রীতি ও উমেহলা মারমা। গত দুটি সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা চাকমা পারফরম্যান্সে ভাটা থাকায় জায়গা হারিয়েছেন। একই কারণে একাদশের বাইরে রয়েছেন শামসুন্নাহার জুনিয়রও।



