মেক্সিকোয় আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর কয়েক দিন বাকি থাকলেও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনকে ঘিরে ৩০টির বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে, যার মধ্যে রয়েছে স্থানীয় পুলিশ, অঙ্গরাজ্য প্রশাসন, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও।
রোবট কুকুর 'স্পট' এর ভূমিকা
নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো 'স্পট' নামের একটি রোবট কুকুর। ডালাসের নবনির্মিত আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রে টহল দিচ্ছে এই যন্ত্রচালিত কুকুর। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো ব্যবহার করা হবে। যদিও এটি ঘেউ ঘেউ করতে পারে না, তবুও অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে চারপাশ পর্যবেক্ষণ করছে।
প্রযুক্তির ব্যবহার
মঙ্গলবার (২ জুন) স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বকাপ চলাকালে ব্রডকাস্ট সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ সম্প্রচারের জন্য বিপুল পরিমাণ প্রযুক্তিগত অবকাঠামো ও কর্মী কাজ করেন। তাই এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে ফিফা।
এর আগে, ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাদার ক্রীড়া ইভেন্ট এবং মোটর রেসিং প্রতিযোগিতাতেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোও নিরাপত্তা ব্যবস্থায় রোবট কুকুর ব্যবহার করছে।
রোবট কুকুরের সক্ষমতা
জানা যায়, রোবট কুকুরগুলো নির্দিষ্ট রুটে টহল দেওয়ার পাশাপাশি দুর্গম বা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও পর্যবেক্ষণ চালাতে পারবে। এছাড়া তারা রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরবরাহ করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবে।
ফিফার পরিকল্পনা
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত রোবোটিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে নির্বিঘ্নভাবে আয়োজন করতে সহায়তা করবে বলে আশ্বাস প্রকাশ করেছে সংস্থাটি।



