শোক ভুলে সাফের সেমিতে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
শোক ভুলে সাফের সেমিতে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের মধ্যে বিষাদের হাওয়া বইছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টুর্নামেন্টে টিকে থাকার তীব্র মানসিক চাপ। নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যুর দুঃসংবাদ পুরো দলকে গ্রাস করেছে।

কিন্তু জীবনের কঠিন বাস্তবতার কাছে হেরে যেতে হয় সবকিছুকে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ তাই আজ যথারীতি মাঠে গড়াচ্ছে। অষ্টম নারী সাফের প্রথম সেমিফাইনালে ভারতের গোয়ায় মারিয়াদের সামনে চেনা প্রতিপক্ষ নেপাল। মারগাঁওয়ের জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। গত দুটি সাফের ফাইনালে যাদের হারিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ, তাদের বিপক্ষেই এবার ফাইনালে ওঠার অগ্নিপরীক্ষা।

শিউলির প্রতি সমবেদনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিউলির প্রতি সহমর্মিতা দেখিয়ে গতকাল নির্ধারিত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ দল। দলীয় সূত্র জানিয়েছে, আজ শিউলির জন্যই হলেও মাঠে নিজেদের উজাড় করে খেলবেন বাংলাদেশের মেয়েরা। দলের এই কঠিন পরিস্থিতিতে বাফুফের পাঠানো অডিও বার্তায় কোচ পিটার বাটলার শিউলি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা এবং আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শক্তিতে রূপান্তরের মন্ত্র

তবে শোকের এই আবহ যেন মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব না ফেলে, সেই মন্ত্রও শিষ্যদের কানে দিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ, ‘ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে আমাদের। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যালেঞ্জ ও কৌশল

২০২২ সাফে বাংলাদেশ মাত্র একটি গোল খেয়েছিল, অথচ এবার দুই গ্রুপ ম্যাচেই দল হজম করে ফেলেছে ৫টি গোল। মালদ্বীপের সঙ্গে ৪-২ ব্যবধানের কষ্টার্জিত জয় এবং স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের হার প্রমাণ করে বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। তাই বলে পিছু হটতে রাজি নন বাটলার। ম্যাচ জেতার জন্য তাঁর কৌশল পুরো আক্রমণাত্মকই থাকছে। নিজের পরিকল্পনা সাফ জানিয়ে বলেছেন, ‘আমরা রক্ষণাত্মক খেলব না। আমরা জয়ের জন্য খেলব ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামব।’ নেপালকে নিয়ে তাঁর স্পষ্ট মূল্যায়ন, ‘আমি নেপালকে নিয়ে চিন্তিত নই। আমাদের নিজেদের খেলার মান উন্নত করতে হবে। ভালো পারফরম্যান্স দেখানো এখন সময়ের দাবি।’

নেপালের প্রতিশোধের আগুন

নেপালের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি চোটের কারণে এই টুর্নামেন্টে নেই। তবু নেপাল এবার প্রতিশোধের আগুনে জ্বলছে। গত সাতটি সাফের ছয়টিতে ফাইনালে উঠেও ট্রফি না ছোঁয়ার আক্ষেপ মেটাতে মরিয়া দলটি। শক্তিতে দুদলই সমমানের। ম্যাচটাকে ‘৫০-৫০’–ই বলতে হবে। ফল যেকোনো দিকে যেতে পারে।

যে মাঠে বাংলাদেশেরও অনুশীলনের কথা ছিল, মারগাঁও থেকে ২৪ কিলোমিটার দূরের সেই বামবোলিম অ্যাথলেটিক মাঠে সকাল ৯টায় অনুশীলন করেছে নেপাল। বাংলাদেশের কাছে গত দুটি ফাইনালে নিজেদের মাঠে হারের প্রসঙ্গে টানলেও নেপালের কোচ নবীন নিউপানে ফুটবলে প্রতিশোধের কিছু দেখেন না। ২০০৩ সালে ঢাকা সাফে নেপাল জাতীয় দলে অভিষেকের স্মৃতি হাতড়ে নিউপানে জানান, তাঁর দল এবার ভালো প্রস্তুতি নিয়েছে। তাঁদের লক্ষ্য সাবিত্রা ভান্ডারির জন্য ট্রফি জয় করা। শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেও তিনি বলে দিয়েছেন, ‘বাংলাদেশকে আমরা সমীহ করি। কিন্তু ছেড়ে কথা বলব না।’

বাংলাদেশের সোনালি অধ্যায়

২০১৯ সাফে ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশের নারী ফুটবলে সোনালি অধ্যায় শুরু হয়। টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকার (৯ জয়, ১ ড্র) অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল দল, যেখানে তারা প্রতিপক্ষের জালে ৪০ গোল দেওয়ার বিপরীতে হজম করেছিল মাত্র ৭টি গোল। ২০২২ সালের সাফে ৫ ম্যাচে ২৩ গোল দিয়ে মাত্র ১ গোল খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবিনা-সানজিদারা।

২০২৪ সাফেও ৪ ম্যাচে ১৩ গোলের বিপরীতে ৪ গোল হজম করে শিরোপো ধরে রাখে বাংলাদেশ নারী দল। কিন্তু চূড়ায় ওঠার চেয়ে চূড়ায় টিকে থাকাটা যে অনেক বেশি কঠিন, ভারতের কাছে এবারের হার ও অনুজ্জ্বল পারফরম্যান্স সেই সতর্কবার্তাই দিয়েছে। আজ হারলে সাফে বাংলাদেশের চার বছরের আধিপত্যের অবসান ঘটবে। আর জিতলে ৬ জুনের ফাইনালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বেঁচে থাকবে। আজকের সেমিফাইনাল ম্যাচটা তাই বাংলাদেশের জন্য এক অগ্নিপরীক্ষাই হয়ে দাঁড়িয়েছে।