আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির আক্রমণে আহত সমর্থক
আর্জেন্টিনা পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির আক্রমণে আহত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে বাড়ির ছাদে আর্জেন্টিনার দলের পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন এক সমর্থক। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচরে এ ঘটনা ঘটে। আহত সমর্থকের নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, সোমবার নগরীর জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন সিরাজুল ইসলাম। আজ সকালে তিনি বাড়ির চারতলা সিঁড়ি রুমের কার্নিশে পতাকা টাঙাতে ওঠেন। ওই সময় আকস্মিকভাবে মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাড়াহুড়ো করে নেমে আসেন। তবে এর আগেই তাঁর বাঁ পায়ের হাঁটুতে ও পায়ের নিচে মৌমাছি কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

আহত সমর্থকের বক্তব্য

জানতে চাইলে আজ বেলা তিনটার দিকে আহত সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, 'পতাকা লাগানোর সময় বিভিন্ন বিপদের কথা মনে পড়ায় সতর্কও ছিলাম। তবু রক্ষা পাইনি। ছয় ঘণ্টা হয়ে গেলেও ব্যথা কমেনি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের মতামত

জুলধা ইউনিয়নের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে বলেন, সিরাজুল ইসলাম মৌমাছির আক্রমণের শিকার হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

বিশ্বকাপ উন্মাদনা

এদিকে বিশ্বকাপ ঘিরে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা ভবন, দোকান ও গাছে নিজ নিজ দলের পতাকা টাঙাতে শুরু করেছেন। সমর্থকদের অনেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দমিছিলের প্রস্তুতিও নিচ্ছেন। ২০২২ সালের বিশ্বকাপের আগেও দুই দলের সমর্থকেরা পৃথকভাবে শোভাযাত্রা ও মিছিল করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ