বিশ্বকাপের আগে নাতি-নাতনিদের শুভেচ্ছায় আবেগাপ্লুত আনচেলত্তি
বিশ্বকাপের আগে নাতি-নাতনিদের শুভেচ্ছায় কেঁদে ফেললেন আনচেলত্তি

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে আর মাত্র ১০ দিনেরও কম সময় বাকি। ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো একত্রিত হয়ে প্রস্তুতি শুরু করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে যাওয়ার আগে এক আবেগঘন মুহূর্তে সাক্ষী হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

নাতি-নাতনিদের শুভেচ্ছা

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরুর আগে পান বিশেষ একটি বার্তা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো প্রকাশিত এক ভিডিওতে আনচেলত্তির নাতি-নাতনিরা তাঁকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানায়। শিশুদের বলতে শোনা যায়, ‘দাদু, বিশ্বকাপে শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি।’ বিশ্বকাপের আবদার করে তারা বলে, ‘স্পেন ও ফ্রান্সকে হারাতে হবে। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

আবেগাপ্লুত আনচেলত্তি

নাতি-নাতনিদের এমন ভালোবাসার বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তি। চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি। ভিডিও চলাকালে চোখ মুছতে দেখা যায় তাঁকে। পরে অশ্রুসজল চোখে ইতালিয়ান এই কোচ বলেন, ‘পরিবারের কথা বললে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলীয় ছবি ও বিশ্বকাপ প্রস্তুতি

এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নেইমারসহ পুরো দল একসঙ্গে দলীয় ছবি তুলেছেন। সবাই একইরকম জামা পরা এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই একসঙ্গে।’

‘সি’ গ্রুপ থেকে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ জুন ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ