বিশ্বকাপ ২০২৬: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ভাঙতে পারে ৫ রেকর্ড
বিশ্বকাপ ২০২৬: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ভাঙতে পারে ৫ রেকর্ড

আর মাত্র কদিন। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। বড় বিশ্বকাপ বলতে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে হবে এই আসর, যেখানে ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। নতুন এই ফরম্যাটের বিশ্বকাপে বহু বছরের পুরোনো রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফুটবল সমর্থকদের চোখ এমন পাঁচটি ঐতিহাসিক রেকর্ডের দিকে— যেগুলো বিশ্বকাপ ২০২৬-এ নতুন করে লেখার সম্ভাবনা রয়েছে।

১. গোলবন্যার বিশ্বকাপ

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড ২০২২ কাতার বিশ্বকাপের দখলে। সেই আসরে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। কিন্তু এবার ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের চেয়ে ৪০টি বেশি ম্যাচ। সেক্ষেত্রে ১৭২ গোলের রেকর্ড অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০ ছাড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

২. প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ!

ছেলেদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি আসরে অংশ নিয়েছেন— আন্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফায়েল মার্কেজ, গুইলার্মো ওচোয়া, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামতে পারলেই লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ক্লোসার গোলের রেকর্ডে এবার কে ভাগ বসাবে?

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির স্ট্রাইকার মিরোসাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে তিনি করেছেন ১৬ গোল। বর্তমানে মেসির গোলসংখ্যা ১৩ এবং এমবাপ্পের ১২। অর্থাৎ মেসির প্রয়োজন ৪ গোল এবং এমবাপ্পের প্রয়োজন ৫ গোল। দুজনের সামনে তাই নতুন কিছু রেকর্ড গড়ার সময়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪. সবচেয়ে বেশি একক ম্যাচ জয়ের রেকর্ড

ফুটবলার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার দখলে। জার্মান কিংবদন্তি ১৭টি ম্যাচ জিতেছেন। অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ জেতে, তাহলে মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যেতে পারেন।

৫. কোচদের রেকর্ড ভাঙবেন কে?

পশ্চিম জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শন বিশ্বকাপে কোচ হিসেবে সর্বাধিক ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছেন প্রায় অর্ধশতাব্দী ধরে। তবে এবার সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার বর্তমান জয়সংখ্যা ১৪। ফ্রান্স যদি বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে, তাহলে তিনি রেকর্ডে সমতা আনবেন। আর তিনটি জয় পেলেই ৪৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন দেশম।