সান মেরিনোর বিপক্ষে জয়ের প্রত্যয় ডুলির
সান মেরিনোর বিপক্ষে জয়ের প্রত্যয় ডুলির

আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মেরিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা এই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কোচ টমাস ডুলির অধীনে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে হারতে চান না ডুলি।

ডুলির স্পষ্ট বার্তা

সংবাদ সম্মেলনে ডুলি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে থাকা সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশের হারার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে এবং আমরা কেন নই, সেটা আমাদের প্রমাণ করতে হবে।”

তবে প্রতিপক্ষের উচ্চতা ও সেট-পিসের সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে আছেন বাংলাদেশ কোচ। দলকে তিনি পজেশন ও পাসিং ফুটবলে গুরুত্ব দিতে বলেছেন। ৪-২-৩-১ ছকে খেলানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমি ফুটবলের পেছনে দৌঁড়াতে চাই না, ফুটবল খেলতে চাই। আমাদের পাসিং এবং রিসিভিং নিখুঁত হতে হবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়কের উচ্ছ্বাস

কোচের নতুন দর্শনে উচ্ছ্বসিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, কোচের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ ভালোভাবে এগোচ্ছে। নিয়মিত মিটিং ও ব্যক্তিগত আলোচনা করছেন ডুলি। জামাল বলেন, “উনি কী চান তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা কীভাবে সিলি গোল হজম করছি, ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে তা দেখাচ্ছেন।”

তিনি আরও বলেন, “উনি পাসিং ফুটবল পছন্দ করেন। আমরা কীভাবে প্রেসিং উন্নত করতে পারি, সেটাও শেখাচ্ছেন। তিনি নিজে ডিফেন্ডার ছিলেন, তাই রক্ষণ নিয়ে তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই কাজে লাগছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, “সবকিছুই নতুন শুরু। আমরা অবশ্যই জিততে চাই, কারণ এটি আমাদের প্রথম ইউরোপ সফর এবং কোচেরও প্রথম ম্যাচ।”

সফরসূচি

আগামীকাল রাতের ফ্লাইটে ইতালির রোম হয়ে সান মেরিনোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২ জুন দলে যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত শোম ও জায়ান আহমেদ।