ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রস্তুতি বাংলাদেশের
ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রস্তুতি বাংলাদেশের

ভারতের গোয়ায় আজ শুক্রবার (২৯ মে) সকালটা কেটেছে সমুদ্র সৈকতে। হালকা অনুশীলনের পর টিম হোটেলে ফিরে রিকভারি ও আইস বাথ নিয়েছেন মারিয়া-রুপনারা। মাঠের অনুশীলন ছিল না। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ৩১ মে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচকে সামনে রেখে দলের কৌশল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের শুরুতে দ্রুত গোল পাওয়ার পর দল ওভার-কনফিডেন্ট হয়ে পড়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওভার কনফিডেন্সের কিছু নেই। আমরা স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। তবে ডিফেন্স লাইনে একটু সমস্যা ছিল। প্রথম গোলটা ডিফেন্স লাইন ম্যান ধরে রাখলে হতো না, আর দ্বিতীয় গোলটা আমরা কাউন্টার অ্যাটাকে খেয়েছি। এগুলো নিয়ে আমরা ও কোচিং স্টাফরা কথা বলছি। আগামীকালের অনুশীলনে এগুলো নিয়ে কাজ করা হবে।’

মালদ্বীপকে ১১-০ গোলে হারানো ভারতের আক্রমণভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ দল। ভারতকে কীভাবে সামলানো হবে, সে বিষয়ে শামসুন্নাহার বলেন, ‘দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে খেলে আসছি, তাদের খেলার ধরন আমরা জানি। তারা বেশির ভাগ সময় উইং দিয়ে খেলে। আমরা চাইবো উইংগুলো ব্লক করতে। উইং থেকে বল না আসতে পারলে তাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারবে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের বিপক্ষে ম্যাচটিকে ‘ফিফটি-ফিফটি’ লড়াই হিসেবে দেখছেন এই ডিফেন্ডার। তার ভাষ্য, ‘ইন্ডিয়া শক্তিশালী দল, আমরাও শক্তিশালী দল। মালদ্বীপের বিপক্ষে আমি বা তহুরা যেভাবে উঠে খেলেছি, ইন্ডিয়ার সঙ্গে হয়তো এতটা পারবো না। কারণ আমরাও চাপে থাকবো, তারাও চাপে থাকবে। ফিফটি-ফিফটি খেলা হবে। যারা সুযোগ পাবে, তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের বিপক্ষে জয় সবসময়ই আলাদা অনুভূতির জন্ম দেয় বলেও মনে করেন শামসুন্নাহার। তিনি বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে জিতলে আমাদের এবং দেশবাসীর আলাদা একটা ভালোলাগা কাজ করে। সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, বাকিটা ওপরওয়ালার ওপর।’