আর্জেন্টিনা ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছে ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো। স্কালোনি অভিজ্ঞতা ও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভ্যাস—এই দুই বিষয়কে গুরুত্ব দিয়েই দল সাজিয়েছেন; যেখানে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে।
আতলেতিকো মাদ্রিদের প্রভাব
এই ক্লাব থেকে মোট ছয়জন খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে। দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক মার্সেই। ফরাসি এই ক্লাব থেকে তিনজন খেলোয়াড় ডাক পেয়েছেন—গেরোনিমো রুলি, লেওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। আতলেতিকো ও মার্সেই ছাড়া একাধিক খেলোয়াড় জায়গা পেয়েছেন আর মাত্র একটি ক্লাব থেকে, সেটি হলো ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামি ও অন্যান্য তারকা
ইন্টার মায়ামি থেকে লিওনেল মেসি ও রদ্রিগো দি পল বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। এ ছাড়া শীর্ষ তারকাদের মধ্যে ইংল্যান্ডের লিভারপুল থেকে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, চেলসি থেকে এনজো ফার্নান্দেজ, অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্তিনেজ, ইতালির ইন্টার মিলান থেকে লাওতারো মার্তিনেজ এবং এএস রোমা থেকে লিয়ান্দ্রো পারেদেস স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
লিগভিত্তিক বণ্টন
লিগভিত্তিক খেলোয়াড় বণ্টনের ক্ষেত্রে শীর্ষে স্পেনের লা লিগা, যেখান থেকে মোট সাতজন খেলোয়াড় আছেন। এই সাতজনের মধ্যে ছয়জনই আতলেতিকোর। বাকি একজন হলেন রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো। দ্বিতীয় স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখান থেকে পাঁচজন খেলোয়াড় এসেছেন—অ্যাস্টন ভিলার মার্তিনেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং চেলসির এনজো ফার্নান্দেজ। তৃতীয় স্থানে ফ্রান্সের লিগ আঁ, যেখান থেকে পাঁচজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন—মার্সেইয়ের রুলি, বালের্দি, মেদিনা, স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বার্কো ও লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো।
অন্যান্য লিগ
তিনটি লিগে রয়েছে সমান দুটি করে প্রতিনিধিত্ব। আর্জেন্টিনা প্রফেশনাল ফুটবল লিগ, সিরি আ এবং মেজর লিগ সকার—এই তিন লিগ থেকেই এসেছে দুজন করে খেলোয়াড়। আর্জেন্টিনা লিগ থেকে ডাক পেয়েছেন বোকা জুনিয়র্সের পারেদেস এবং রিভার প্লেটের গনসালো মন্তিয়েল। ইতালির সিরি আ থেকে আছেন ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ এবং কোমোর নিকো পাজ, আর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে প্রতিনিধিত্ব করছেন ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল। এ ছাড়া পর্তুগিজ লিগ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি এবং ব্রাজিলিয়ান লিগ থেকে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ।



