এক ম্যাচ আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আই লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। শেষ ম্যাচে শিলং লাজংয়ের বিপক্ষে হেরে গেলেও পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে তাদের সরানো যায়নি। কল্যাণী স্টেডিয়ামে তখন খেলার উত্তাপ কমেনি। ফুটবলাররা সেলিব্রেশনে মত্ত।
প্রেমের অঙ্গীকার
ঠিক সেই মুহূর্তে সবার নজর কাড়লেন ধীরজ সিং মৈরংথেম। মণিপুরি গোলরক্ষকের মনে প্রেমের জোয়ার। তার চোখে মুখে নতুন জীবন শুরু করার স্বপ্ন। চ্যাম্পিয়ন দলের এই তরুণ গোলকিপার আই লিগ জয়ের মঞ্চে হৃদয় উজাড় করে লিখলেন ভালোবাসার গল্প।
গোলরক্ষকের পথচলা
গত মৌসুমে মোহনবাগানে সই করেছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিং। তবে সেখানে তিনি সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। এরপর দল বদলে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেন। দল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি জয়ের মেডেল নিয়ে তিনি এগিয়ে যান মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা সোনিয়ার দিকে।
সারপ্রাইজ প্রস্তাব
সেই মেডেল প্রেমিকার গলায় পরিয়ে দিয়ে ‘সারপ্রাইজ’ দেন ধীরজ। এরপর সবার সামনে হাঁটু গেড়ে হাতে আংটি পরিয়ে দেন এবং সোনিয়ার হাতে তুলে দেন বেশ কিছু ফুল। ধীরজের এমন বিবাহ প্রস্তাবে আবেগে ভেসে ওঠেন অভিনেত্রী সোনিয়া। হাসি আর বিস্ময়ের মিশেলে তিনি সম্মতি জানান। তার চোখে তখন আনন্দাশ্রু। সতীর্থরাও হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।
ভাইরাল মুহূর্ত
সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে কেউ কেউ বলেন, ‘এটাই দিনের সেরা মুহূর্ত’। কেউ লেখেন, ‘ফুটবল মাঠে প্রেমের জয়’। শুধু ডায়মন্ড হারবার নয়, মণিপুর থেকে উত্তর-পূর্বের নানা প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছা।



