বিশ্বকাপ ফুটবলে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে থাকার কথা ছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সেই ক্যাম্প এবার মেক্সিকোতে সরিয়ে নিচ্ছে ইরান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ইরান ফুটবল ফেডারেশনের প্রধান এ তথ্য জানিয়েছেন।
কেন ক্যাম্প পরিবর্তন?
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক ভিডিও বার্তায় জানান, টুর্নামেন্ট চলাকালে ইরান দল এখন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহর তিজুয়ানায় অবস্থান করবে। তিনি বলেন, 'আমরা তিজুয়ানায় অবস্থান করবো, যা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।'
তাজ আরও যোগ করেন, এই পরিবর্তনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভিসা সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে এবং দলটি 'ইরান এয়ার'-এর মাধ্যমে সরাসরি মেক্সিকোতে উড়ে যেতে পারবে।
গ্রুপ জি-তে ইরানের সূচি
গ্রুপ জি-তে ইরান ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে তাদের প্রথম দুটি গ্রুপ ম্যাচ খেলবে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। তাজ বলেন, 'লস অ্যাঞ্জেলেস আমাদের ম্যাচের ভেন্যু এবং আমাদের বেস ক্যাম্পের মধ্যকার মোট দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের।' তিনি আরও উল্লেখ করেন, অ্যারিজোনার পূর্বপরিকল্পিত ক্যাম্পের তুলনায় তিজুয়ানা তাদের ম্যাচের ভেন্যুগুলোর বেশি কাছাকাছি।
ভিসা জটিলতা ও নিরাপত্তা
এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সাম্প্রতিক যুদ্ধ অবস্থায় এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনকি তারা তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার অনুরোধও করেছিল। ইরানি কর্মকর্তারা এই মাসের শুরুতে জানিয়েছিলেন, টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও তাদের খেলোয়াড় এবং কর্মীরা এখনও মার্কিন ভিসা পাননি। তারা প্রাক-টুর্নামেন্ট প্রশিক্ষণের জন্য তুরস্কে অবস্থানের সময় ভিসার আবেদন শুরু করেছিলেন। তাজ জানান, ভিসা, নিরাপত্তা এবং ইরানি প্রতিনিধি দলের সাথে সম্মানজনক আচরণের বিষয়ে ফিফার কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে।



