বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ফুটবল সমর্থকরা। জাতীয় দলের নতুন কোচ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। ‘বাংলাদেশের ফুটবল বিক্রি হতে দেব না’ স্লোগানে ফুটবল ভবন কেঁপে ওঠে।
নতুন কোচ নিয়ে বিতর্ক
ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের অধ্যায় শেষ করে বাফুফে নতুন কোচ খুঁজছে। গুঞ্জন রয়েছে, সাবেক মার্কিন ফুটবলার টমাস ডুলি হতে পারেন নতুন কোচ। তবে ঘোষণার আগেই বাফুফে ভবনের সামনে জড়ো হন সমর্থকরা। তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদ।
সমর্থকদের ক্ষোভ
সমর্থকদের অভিযোগ, বাফুফে শুরুতে বিশ্বমানের হাই প্রোফাইল কোচ আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ডুলির মতো কোচ বিবেচনা করায় তারা হতাশ। বিক্ষুব্ধ সমর্থক রাফি ইকবাল বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় আর্থিক সহায়তা দিতে চেয়েছে, তারপরও ডুলির মতো কোচ কেন? ভালোমানের কোচ আনুক। বাফুফে টাকা না দিতে পারলে আমরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে দেব ফুটবলের জন্য।’
আরেক সমর্থক প্রশ্ন তোলেন, ‘বাফুফে বলেছিল, ৬০ বছরের বেশি বয়সি কোচ বিবেচনায় থাকবে না। অথচ ডুলির বয়স ৬৫। গায়ানায় তিনি প্রায় ৮ হাজার ডলারে কাজ করেছেন। তাহলে বাংলাদেশের জন্য কোচের বেতন এত বেশি দেখানো হচ্ছে কেন? বাড়তি অর্থ কোথায় ব্যয় হবে?’
বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন
সমর্থকরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সমালোচনা করেন। তারা বলেন, বাফুফে কি সত্যিই ফুটবলের ভাগ্য বদলাতে চায়, নাকি পুরোনো গোলকধাঁধায় আটকে থাকবে? হামজা চৌধুরী ও শমিত সোমদের ঘিরে দেশের ফুটবল যখন নতুন স্বপ্ন দেখছে, তখন কোচ নির্বাচন নিয়ে এই বিতর্ক সেই স্বপ্নে কালো মেঘ এনেছে।



