সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়ে বড় আসরের শিরোপা স্বাদের অপেক্ষায় ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে ৪-১ গোলে দামাককে হারিয়ে শিরোপা জিতেছে আল নাসর।
আল-আওয়াল পার্কে ঐতিহাসিক জয়
আল-আওয়াল পার্কে বৃহস্পতিবার (২১ মে) আল নাসরের এটা একাদশ শিরোপা। এর আগে সবশেষ তারা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। আরেক ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারানো আল হিলাল ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।
ম্যাচের বিবরণ
রোনালদোরা শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল কমই। তবে নিজেদের গুছিয়ে নিয়ে টানা আক্রমণ শুরু করে নাসর। ফলও আসে। ৩৪ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে হেডে গোলটি করেন সাদিও মানে।
৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাসর। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি উইঙ্গার কোমান।
ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান মোরলায়ে। যদিও তাদের সেই একটু স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। ৬৩ মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন রোনালদো।
আর ৮১ মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়।
রোনালদোর কীর্তি
এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি। রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৭৩টি। শেষ দিকে একসঙ্গে রোনালদো ও মানে মাঠ ছাড়লেও শিরোপা জিততে কোনও সমস্যাই হয়নি।



