বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন— তা নিয়ে জোর আলোচনা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তবে সবার প্রথম পছন্দ ওয়েলসের কোচ কোলম্যানকে পাওয়া যাবে কিনা— তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য
রবিবার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধনে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে শুনলাম, কোলম্যানের এজেন্টের সঙ্গে হয়তো এখনও পর্যন্ত তাদের বোঝাপড়াটা শেষ হয়নি। সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে— কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই, তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে— তাকে নিশ্চিত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।” বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বাফুফের সংক্ষিপ্ত তালিকা
বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক ও টমাস ডুলি। এদের মধ্যে কে শেষ পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব নেবেন, তা সোমবারের মধ্যে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।



