অ্যাক্সেনটেক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে রবি আজিয়াটা পিএলসি। তারা ফাইনালে টাইব্রেকারে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টে এবার ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্লেট ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জয়
দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্লেট ফাইনাল, যেখানে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য, আর শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক। এরপর ম্যাচটি গড়ায় নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে, যেখানে জয় নিশ্চিত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্লেট শিরোপা জিতে নেয়। তুর্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
কাপ ফাইনালে রবি আজিয়াটার শিরোপা জয়
এরপর অনুষ্ঠিত হয় কাপ ফাইনাল, যেখানে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি আজিয়াটা পিএলসি। রবির শাকিব ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে, ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
বিভিন্ন পুরস্কার বিতরণ
একই দলের সৈকত জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। রবির গোলরক্ষক মুসাব্বির সেরা গোলরক্ষক নির্বাচিত হন। টুর্নামেন্টজুড়ে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে এম এইচ এম ফাইরোজ, পরিচালক- এফআইসিসিআই ও টিআইএম নুরুল কবির, নির্বাহী পরিচালক-এফআইসিসিআইসহ অনেকেই উপস্থিত ছিলেন।



