শুভেন্দুকে জড়িয়ে মিঠুনের আবেগঘন মুহূর্ত, বললেন 'আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন'
শুভেন্দুকে জড়িয়ে মিঠুনের আবেগঘন মুহূর্ত, বললেন 'আপনিই মুখ্যমন্ত্রী করেছেন'

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার (১৬ মে) সকালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাড়িতে যান। শপথ গ্রহণের পর এই প্রথম তিনি আলাদাভাবে মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। বৈঠক শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন, 'মিঠুনদা এই রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। দল আমাকে মুখ্যমন্ত্রী করেছে, কিন্তু তার পেছনেও ওর হাত রয়েছে।'

মিঠুনের প্রতি শুভেন্দুর কৃতজ্ঞতা

শুভেন্দু অধিকারী বলেন, 'ছয় বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা নিরলস পরিশ্রম করেছেন। নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে আমার সাথে দেখা করতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।' শুভেন্দুর এই কথায় আবেগাপ্লুত হয়ে মিঠুন তাকে জড়িয়ে ধরেন।

মিঠুনের প্রশংসায় শুভেন্দু

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'মিঠুনদার জনপ্রিয়তা শুধু বিজেপির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এর বাইরেও বিস্তৃত। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি, তবে মিঠুনদা ভিন্ন পর্যায়ের। তিনি মহাগুরু। আমি তার আশীর্বাদ নিতেই এসেছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুখ্যমন্ত্রীর প্রশংসায় মিঠুন

মুখ্যমন্ত্রীর মুখে এত প্রশংসা শুনে মিঠুন চক্রবর্তী বলেন, 'শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সম্ভব নয়। শপথ নেওয়ার পর থেকে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা তার জন্য গর্বিত এবং তার পাশেই আছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বিজেপির হয়ে প্রচার করেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেন। শুভেন্দু জানান, সেই প্রতিশ্রুতিগুলো এবার পূরণ করা হবে। বৈঠকে এ বিষয়েই আলোচনা হয়েছে। মিঠুন বলেন, 'যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলেছেন, তা অনুসরণ করব।'

জেলা সফর শুরু

শনিবার থেকেই জেলা সফর শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তার প্রশাসনিক সভা রয়েছে। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন, তার আগে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানকার আধিকারিকদের সাথে আলোচনায় বসবেন তিনি। তবে দিনের শুরুতেই তিনি মিঠুনের বাড়িতে পৌঁছে যান, যা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।