আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। ঘোষিত দলে বড় চমক হিসেবে আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে রাখা হয়েছে, যদিও গত দুই বছর তিনি চোটের কারণে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতে পারেননি।
চোট কাটিয়ে ফেরা তারকারা
ইনজুরিতে ভোগা সত্ত্বেও লিভারপুলের মিডফিল্ডার ওয়াতারু এন্ডো এবং অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে ব্রাইটনের তারকা কাওরু মিতোমা দলে জায়গা হারিয়েছেন।
তোমিয়াসুর ফিটনেস নিয়ে আস্থা
তোমিয়াসু সর্বশেষ জাপানের জার্সিতে খেলেছিলেন ২০২৪ সালে সিরিয়ার বিপক্ষে। এরপর তিনি ক্লাব পর্যায়ে পরিবর্তন এনে আর্সেনাল ছেড়ে আয়াক্সে যোগ দেন। কোচ মোরিয়াসু জানিয়েছেন, মেডিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী তার ফিটনেস নিয়ে বড় কোনো সমস্যা নেই এবং প্রীতি ম্যাচের মাধ্যমে তিনি আবার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
মোরিয়াসুর দ্বিতীয় বিশ্বকাপ
দলের কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ পরিচালনা করতে যাচ্ছেন মোরিয়াসু। দল নির্বাচন কঠিন ছিল উল্লেখ করে তিনি বাদ পড়া খেলোয়াড়দের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, বিশ্বমঞ্চে জাপানকে সাফল্য এনে দিতে সক্ষম সেরা ২৬ জনকেই বেছে নেওয়া হয়েছে।
গ্রুপ 'এফ' এ জাপানের সূচি
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের 'এফ' গ্রুপে জাপান তাদের অভিযান শুরু করবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জুন তিউনিসিয়া এবং ২৫ জুন সুইডেনের বিপক্ষে খেলবে তারা।
জাপানের স্কোয়াড
গোলরক্ষক: জিওন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।
ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুছি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুনোসকে সুজুকি।
মিডফিল্ডার-ফরোয়ার্ড: ওয়াতারু ইন্দো, জুনিয়া ইতো, দাইছি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেনতো শোইগাই, কেইসুকে গোতো।



