দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার জটিলতায় গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়।
বাবার দেওয়া তথ্য
কারিনার বাবা বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে কারিনার ফুসফুসের চিকিৎসা করা হবে। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হবে। শুক্রবার (১৫ মে) তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পর থেকে গত তিন দিন তাদের চিকিৎসায় আমরা সন্তুষ্ট। আমার মেয়ের অনেক যত্ন নিচ্ছেন তারা। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, আইসিইউতে সব সময় দুজন নার্স থাকেন, আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।’
পরিবারের অবস্থান
কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই চেন্নাইয়ে গেছেন। তবে বাবা কায়সার হামিদ দেশেই অবস্থান করছেন। মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন বোনকে লিভার ডোনেট করবেন।
সবার প্রতি অনুরোধ
মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ আরও বলেন, ‘ফুসফুসের চিকিৎসা তারা শুরু করেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এরপর লিভারের চিকিৎসা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
কারিনার পরিচিতি
মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরে অভিনয়ে নাম লেখান কারিনা। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার পরিচিতি আছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।



