ভিনিসিয়ুস কি রিয়ালের ড্রেসিংরুমে ‘গুপ্তচর’? বিতর্কে ব্রাজিলিয়ান তারকা
ভিনিসিয়ুস কি রিয়ালের ড্রেসিংরুমে ‘গুপ্তচর’?

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার কেন্দ্রে এখন ভিনিসিয়ুস জুনিয়রের নাম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলিয়ান এই তারকা নাকি কোচ আলভারো আরবেলোয়ার ঘনিষ্ঠ হিসেবে দলের ভেতরের নানা তথ্য তার কাছে পৌঁছে দেন, যা ড্রেসিংরুমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিনিসিয়ুসের আচরণ ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন তার কিছু আচরণ নিয়েও অনেকের বিরক্তি রয়েছে বলে জানা গেছে। ফলে ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতার বড় একটি কারণ হিসেবেই তাকে দেখা হচ্ছে।

কোচের সঙ্গে বিশেষ সম্পর্ক

কোচ আরবেলোয়ার সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কও আলোচনায় এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান কোচের অধীনে তিনি কার্যত ‘অস্পর্শনীয়’ অবস্থানে আছেন। এর আগে জাবি আলোনসোর সময়ে এমন সুবিধা পাননি এই উইঙ্গার। তবে আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা ছাড়া প্রায় সব ম্যাচেই খেলেছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্য ফাঁসের অভিযোগ

সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ। দলের ভেতরে ধারণা তৈরি হয়েছে, কোচ উপস্থিত না থাকলে ভিনিসিয়ুসই নাকি বিভিন্ন তথ্য আরবেলোয়ার কাছে পৌঁছে দেন। এই সন্দেহের কারণেই সতীর্থদের একাংশ তার ওপর আরও বিরক্ত হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। এখনো নতুন চুক্তিতে সই করেননি তিনি। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। এরপর অন্য ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান তারকা।

সূত্র: বেইন স্পোর্টস

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ