মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচকে ঘিরে টাইগারদের যে পরিকল্পনা ছিল, বেরসিক বৃষ্টিতে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে যায়। প্রায় ঘণ্টাখানেকের টানা বৃষ্টি বদলে দেয় ম্যাচের গতি-প্রকৃতি। যার প্রভাব পড়ে পুরো খেলায়। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আক্ষেপের সুরে লিটন বলেন, 'আমরা যখন শুরুতে ব্যাট করেছি তখন উইকেটের আচরণ একরকম ছিল। কিন্তু বৃষ্টির পর লম্বা বিরতির কারণে উইকেট পুরোপুরি বদলে যায়। এরপর একদম ভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করতে হয়েছে। এই অবস্থায় এই রান দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়।'
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২০ ওভারের বদলে ১৫ ওভারে নামিয়ে আনা হয়। তবে সেই নির্ধারিত ১৫ ওভারও পুরোপুরি খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতি ও উইকেটের আচরণ পরিবর্তনের কারণে ব্যাটিং ছন্দ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শেষের দিকে রান তোলার গতি বাড়াতে পারেননি ব্যাটাররা। লিটন মনে করেন, ইনিংসের শেষ দিকে রিশাদ, মেহেদী ও নাসুমরা যদি আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে এই খেলোয়াড়রা নিজেদের ব্যাটিং দক্ষতা আরও উন্নত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'রিশাদ, মেহেদী, নাসুমরা মূলত দলে স্পিনার হিসেবে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে অন্য দলগুলো এই ধরনের খেলোয়াড়দের অলরাউন্ডার হিসেবে গড়ে তোলে। আমাদেরও তাদের কাছ থেকে ব্যাটিংয়ে অবদান আশা করতে হবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা সেই দায়িত্বটা নিতে পারবে।'
দেশের ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ইস্যুতে দর্শকদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেলেও, গতকাল মিরপুরে তুলনামূলকভাবে ভালো দর্শক উপস্থিতি ছিল। গ্যালারিতে দর্শকদের উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলে বলেও মনে করেন অধিনায়ক। তিনি বলেন, 'সত্যি কথা খুবই খুশি, দর্শকরা আবার আমাদের সাপোর্ট করতেছে। আশা করি, তারা মাঠে আসবে। দর্শকরা আসলে আমাদের জন্য কাজটা সহজ হয়।' এই সিরিজে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন রিপন ও সাকলাইন। যদিও এই দুই অভিজ্ঞ বোলার থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে ধারণা করা হচ্ছে, তবুও তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন লিটন। তিনি বলেন, 'তাসকিন ও ফিজ আমাদের দলের বড় সম্পদ। তবে মাঝে মাঝে নতুনদের সুযোগ দিতে হবে, তবেই তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।'
ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, গত এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে দল বেশ ভালো পারফরম্যান্স করেছে এবং অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে। এখন লক্ষ্য হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে আরও শক্তভাবে গড়ে তোলা। কন্ডিশন অনুযায়ী সঠিক কম্বিনেশন তৈরি করাই হবে মূল চ্যালেঞ্জ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে লিটন বলেন, 'বিশ্বকাপ খেলতে না পারা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। আপনারাও আক্ষেপ করা ছেড়ে দেন।'



