বলিউডের ডান্সিং স্টার মিঠুন চক্রবর্তীকে সবাই চেনেন ‘আই অ্যাম আ ডিসকো ডান্সার’ গানের মাধ্যমে। কিন্তু অনেকেই জানেন না, তিনি একবার ভারতের হয়ে ক্রিকেট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তব ঘটনা।
কীভাবে এলো সুযোগ?
অভিনেতা টম অলটার একটি পডকাস্টে তার পুত্রকে এই গল্প শোনান। টম অলটার ও মিঠুন চক্রবর্তী পুনের এফটিআই স্কুলে একসঙ্গে অভিনয়ের ছাত্র ছিলেন। তারা একসঙ্গে স্টেট লেভেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও ছিলেন। ১৯৮৩ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর আমেরিকায় একটি প্রদর্শনী ম্যাচ খেলছিল। ঠিক সেই সময় আমেরিকায় ‘রুকসত’ ছবির শুটিং চলছিল, যেখানে মিঠুন ও টম একসঙ্গে কাজ করছিলেন। ছবিটি পরিচালনা করছিলেন সিমি গেরেওয়াল।
মাঠে নামার গল্প
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল ম্যাচ খেলছে শুনে মিঠুন ও টম নিউজার্সি পৌঁছে যান। সেখানে মাঠে পৌঁছাতেই সুনীল গাভাস্কার বলেন, তাদের দলে দুই খেলোয়াড় কম পড়ছে। তারা খেলতে রাজি কি না? সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান দুজনে।
মিঠুন চক্রবর্তীকে শুরুতে কিছু কসরত করতে হলেও পরে তিনি ভালোই খেলেন। তবে টম অলটার ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ককে আউট করেছিলেন। এই গল্প প্রায় কেউই জানেন না। মিঠুন শুধু ভালো নর্তক বা অভিনেতা নন, তিনি ভালো খেলোয়াড়ও বটে।



